পোল্যান্ডের রণসাজে যুক্তরাষ্ট্রের ডলার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পিএম

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটে ন্যাটোর সদস্য হয় পোল্যান্ড। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর পোল্যান্ড আগ বাড়িয়ে কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে। যদিও দেশটির অস্ত্রসম্ভারের বেশিরভাগই সেই সোভিয়েত আমলের। তাই রাশিয়াভীতি মোকাবিলায় মিত্র ইউক্রেনের চেয়ে এখন নিজেকে সুরক্ষিত রাখতে বেশি মনোযোগী পোল্যান্ড। সম্প্রতি তারা জানিয়ে দিয়েছে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বদলে ঘর সুরক্ষিত করায় মনোযোগ দেবে ওয়ারশ। নিরাপত্তাঝুঁকির প্রশ্নে রাশিয়ার মিত্র বেলারুশকে সরাসরি হুমকি হিসেবে দেখে পূর্ব ইউরোপে পশ্চিমাশক্তি বলয়ের দেশটি। অন্যদিকে রাশিয়াও স্থলপথে কালিনিনগ্রাদ দিয়ে পোল্যান্ডে হামলা করতে সক্ষম। সাম্প্রতিক সময়ে পোল্যান্ড সীমান্তে বেলারুশ, ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের উপস্থিতিতে বিচলিত পোল্যান্ড। এই পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীর আধুনিকীকরণে বিপুল অঙ্কের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপের এ দেশটি সাবেক সোভিয়েত আমলের সমরাস্ত্র বাতিল করে আধুনিক অস্ত্র চায়। আর এর জন্য ওয়ারশকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে ওয়াশিংটন।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পোল্যান্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী। পোল্যান্ডের নিরাপত্তা সামরিক জোট ন্যাটোর পূর্ব প্রান্তের সামগ্রিক নিরাপত্তার জন্য জরুরি। প্রতিবেশী ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে পোল্যান্ড কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে। তাদের মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য ইউক্রেনে পৌঁছেছে। তারা প্রতিরক্ষায় খরচও বাড়িয়েছে।’

পোল্যান্ড মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র কিনতে চাইছে। ওয়াশিংটন বলছে, পোল্যান্ড যাতে তাদের অস্ত্র কিনতে পারে, সে জন্য বাইডেন প্রশাসন তাদের ঋণ দিচ্ছে। পোল্যান্ড এ বছর তাদের জিডিপির ৪ শতাংশ অস্ত্র কেনার জন্য খরচ করতে চাইছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু বলছে, আসলে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধাপে ধাপে ২ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র কিনবে। ওয়াশিংটনের কাছ থেকে হিমার্স লাঞ্চার, অ্যাটাক হেলিকপ্টার, আব্রামস ট্যাংকের সর্বশেষ সংস্করণসহ গোলাবারুদ ও প্রযুক্তি কিনবে ওয়ারশ।

আনাদোলুর বিশ্লেষণে বলা হয়, খাদ্যশস্য আমদানি নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। পোল্যান্ড জানিয়েছে, তাদের কৃষকদের স্বার্থে তারা ইউক্রেনের ফসল পোল্যান্ডের বাজারে বিক্রি করতে চায় না। এ নিয়ে ইউক্রেন বিরূপ মন্তব্য করায় পোল্যান্ড জানিয়ে দিয়েছে, তারা আর ইউক্রেনকে অস্ত্র দিয়ে কোনো সাহায্য করবে না। বিশেষজ্ঞদের মতে, পোল্যান্ডের ক্ষমতাসীন ডানপন্থি দল ভোটের আগে এই মনোভাব প্রকাশ করেছে। পোল্যান্ডের পক্ষে যা দেওয়ার ছিল, তারা তা পুরোটাই দিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য এ ঘটনাকে বেশি গুরুত্ব না দিয়ে বোঝাতে চাইছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয় পেলে পোল্যান্ডের সুবিধা হবে। ঝুঁকির শঙ্কায় থাকা পোল্যান্ডকে সামরিকভাবে সক্ষম করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত