দেশে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু আগস্টকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এ মাসে মৃত্যু হয়েছে ৩৫০ জনের; অর্থাৎ গত মাসের চেয়ে ৮ জন বেশি। গত মাসে মৃত্যু ছিল ৩৪২ জনের। সে হিসাবে এ মাসের এখনো চার দিন বাকি থাকতেই এ বছরের সর্বোচ্চ মৃত্যুর মাস আগস্টকে ছাড়িয়ে গেল সেপ্টেম্বর। গত মাসে যেখানে দৈনিক গড় মৃত্যু ছিল ১১, তা এখন বেড়ে ১৩ জন হয়েছে।
এ বছর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুলাই মাসে ২০৪ জনের। এরপর জুনে ৩৪, জানুয়ারিতে ৬, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিল ও মে মাসে ২ জন করে মারা গেছে। এ বছরের মার্চে কোনো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে রোগী ভর্তির রেকর্ড হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১২৩ জন রোগী ভর্তি হয়েছে। এ বছর এক দিনে রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৩ হাজার ১২২ জন রোগী ভর্তি হয়েছিল ১৭ সেপ্টেম্বর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৫ জন মারা গেছে। এর মধ্যে ঢাকার বাইরে ঢাকার দ্বিগুণ, অর্থাৎ ১০ ও ঢাকায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৪৩। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৬১৭ ও ঢাকার বাইরে ৩২৬ জনের। এর মধ্যে ৫৩৬ জন নারী ও পুরুষ ৪০৭ জন।
এদিকে ঢাকার বাইরে রোগীর সংখ্যা বেড়েই চলছে। গতকালও ঢাকার সঙ্গে ব্যবধান তার আগের দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। আগের দিন ঢাকার বাইরে রোগীর সংখ্যা ছিল মোট রোগীর ৭৪ শতাংশ। গতকাল তা আরও বেড়ে ৭৫ শতাংশ হয়েছে; অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি রোগীর মধ্যে ২ হাজার ৩৪৯ জন ঢাকার বাইরে এবং ঢাকায় ৭৭৪ জন। সে হিসাবে ঢাকার বাইরে ১ হাজার ৫৭৫ জন রোগী বেশি ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত দেশে রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৮৮১। এর মধ্যে ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ৩৯১ ও ঢাকায় ৮০ হাজার ৪৯০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ ও নারী ৩৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৮১ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৭৫ জন রোগী।
