পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর আয়োজনকে কেন্দ্র করে পৃথক দুটি বোমা হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে বেলুচিস্তানের মাসতাং জেলায়। গতকাল শুক্রবার পাকিস্তানের এ জেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫৩ জন নিহত হন। আহত হন একশরও বেশি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার বেলুচিস্তানের মাসতাং জেলায় জুমার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় ৫৩ জন নিহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহি। পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানান, জেলার আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশ নিতে আসা নিরীহ মানুষদের ওপর হামলা হয়েছে। এটি অত্যন্ত জঘন্য কাজ।’
বেলুচিস্তানে এ হামলার খবরের মধ্যেই খবর আসে খাইবারপাখতুনখোয়া প্রদেশেও বোমা হামলা হয়েছে। সেখানেও একটি মসজিদে বোমা হামলা চালানো হয়। এতে মসজিদটির ছাদ ধসে পড়ে এবং কয়েকজন চাপা পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধারকাজ চলছে। ডন জানায়, খাইবারপাখতুনখোয়ার হাঙ্গু শহরের এক মসজিদে জুমার নামাজের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়।
হাঙ্গুর পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানান, মসজিদে ৫০-৬০ জন মুসল্লি ছিলেন। হামলায় ছাদ ধসে পড়ায় অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। ইতিমধ্যে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের এ কর্মকর্তা জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে এ হামলা চালায়। এদের মধ্যে একজন পুলিশে স্টেশনের কাছে এবং অন্যজন মসজিদের ভেতরে হামলা চালায়। পুলিশ স্টেশনে হামলা চালাতে আসা ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু অন্য হামলাকারী মসজিদে হামলা চালাতে সক্ষম হয়।
এসব হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলায় জড়িত থাকতে পারে।
