শ্রীলঙ্কা জয়ে স্বস্তি শঙ্কামুক্ত সাকিব

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ এএম

ক্রিকেট ম্যাচে প্রস্তুতিতে গা গরমের জন্য ফুটবল খেলাটা অনেক দেশেই নিষিদ্ধ। চোটের ঝুঁকি বেশি, তা ছাড়া দেখতেও তো খাপছাড়া! কোনো ফুটবলার কি ক্রিকেট খেলে প্রস্তুতি নেন? যা-ই হোক, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে সাকিব আল হাসান খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে। তবে যে জায়গাটা ঘিরে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা, সেই জায়গা থেকেই বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এসেছে সবচেয়ে স্বস্তির খবর। উদ্বোধনী জুটিতে কেটেছে রানখরা, এসেছে ১৩১ রান। হাফসেঞ্চুরি করেছেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস। সাকিবকে নিয়েও বড় কোনো দুশ্চিন্তা আপাতত নেই,

ব্যাটিং নিয়েও নেই। প্রস্তুতি ম্যাচের প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া, হার-জিত এখানে ব্যাকফুটে। এসব ম্যাচে অনেক সময় মূল বোলারদের বদলে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়, সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়। প্রস্তুতি ম্যাচের ফল মূলপর্বে প্রতিফলিত হলে তো ২০১৯ সালে সাকিবের শনির দশা যাওয়ার কথা, ভারতের বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন সেবার। কিন্তু মূলপর্বে পুরোটাই বদলে যায় তার পারফরম্যান্স। কোচরাও নিজেদের সব কৌশল আড়াল করতে চান না, বিশেষ করে বিশ্বকাপের এখনকার ফরম্যাটে যেখানে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে মূলপর্বেও। সাকিব নেই, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলেননি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৭ বোলারকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে শ্রীলঙ্কাকে ৪৯.১ ওভারে ২৬৩ রানেই আটকে দিয়েছেন। জবাবে লিটন আর তানজিদের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

গৌহাটির বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড এতটাই সবুজ যে দেখে মনে হতে পারে মখমলের গালিচা পাতা। অনেক সময় আউটফিল্ড খারাপ থাকলে ক্রিকেটাররা ইচ্ছে করেই ভালো ফিল্ডিংয়ের জন্য ডাইভ বা সøাইডের চেষ্টা করেন না। কাল দুই পক্ষই ফিল্ডিং বেশ উপভোগ করেছে। দুটো রানআউটে অবদান মাহমুদউল্লাহর, দিমুথ করুণারতেœকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে আউট করেছেন। শেখ মেহেদি বেশ ভালো বোলিং করেছেন, পেসাররা বুঝেছেন ব্যাটিং সহায়ক উইকেটে ওভারপ্রতি ৭-এর নামতা না পড়লে সেটাই ভালো বোলিং।

কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেট দলের উদ্বোধনী জুটিতে যে দৈন্যদশা, তার খানিকটা ঘুচিয়েছেন তানজিদ-লিটন। যদিও মূল ম্যাচ নয়, প্রতিপক্ষ একটু ঢিল দিয়ে থাকতেই পারে। তবুও ১৩১ রানের জুটিতে অনেক আশা, অনেক প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা। লিটনের ফর্ম, তানজিদের সামর্থ্য; সবই দেখা গেছে। শ্রীলঙ্কার বিপক্ষেই অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন তানজিদ, কাল শ্রীলঙ্কার বিপক্ষে অল্পের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি। ৮৮ বলে ৮৪ রান করে আউট হয়ে গেছেন আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে, জোরালো শটটা কভারে খুঁজে নেয় ফিল্ডারকে। লিটন আরেকটু আগ্রাসী। ৫৬ বলে ৬১ রান করে সøগ সুইপে মিডউইকেটে ক্যাচ।

ওয়ানডাউনে নেমেছেন মিরাজ। তাকেই যে ব্যকআপ ওপেনার ভাবা হচ্ছে, সেই ধারণাটা আরও স্পষ্ট হলো। মিরাজ নেমে ব্যাটিং করেছেন পুরোদস্তুর ব্যাটসম্যানের মতোই। তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। সাকিবের মতো সৌভাগ্য অবশ্য সবার হয় না, তবে এইবার শূন্য রানে প্রথম বলেই আউট হওয়া তাওহীদ হৃদয়ের বিশ্বকাপটা কি হবে ২০১৯ সালের সাকিবের মতো?

দলীয় সূত্রে জানা গেছে, সাকিবের চোট গুরুতর নয়। সাকিব এমনিতেই একটু বেছে বেছেই খেলেন, তা ছাড়া গৌহাটি আর হিমাচলের ভৌগোলিক দূরত্ব এবং পরিবেশ এতটাই বেশি এবং ভিন্নতা, তাতে গৌহাটির আত্মবিশ্বাস বা কৌশল ধরমশালায় কাজে না লাগারই কথা।

ব্যাটিং ঘিরেই বাংলাদেশের যত দুশ্চিন্তা আর প্রথম প্রস্তুতি ম্যাচে অন্তত ব্যাটসম্যানরা সেই দুশ্চিন্তা আর বাড়তে দেননি। মাঠের খেলায় মাঠের বাইরের চাপান উতোরের ছাপ নেই, বোঝাই যাচ্ছে বিশ্বকাপের বলয়ে ঢুকে যাওয়া বাংলাদেশকে বাইরের কোনো কিছুই আর স্পর্শ করছে না। বিমান শাহজালাল বিমান বন্দরের মাটি ছাড়ার সঙ্গে সঙ্গে দল নিয়ে বিতর্ক, তামিম ইকবালের না থাকা এসব বিতর্ক রয়ে গেছে ‘লেফট লাগেজ’ হিসেবে। কিছুই সঙ্গে নেয়নি বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত