অভিনেতার গাড়ির ধাক্কায় নিহত পথচারী

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম

অভিনেতার নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় নিহত হলেন এক পথচারী। বেঙ্গালুরুর বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি যাবার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কন্নড় তারকা নাগাভূষণ। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠলে গুরুতর আহত হন এক বয়স্ক দম্পতি।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের মহিলার। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার ৫৮ বছর বয়সী স্বামী। মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনার পর অভিনেতার বিরুদ্ধে কুমারস্বামী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, বেপরোয়াভাবে গা়ড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নাগাভূষণ। ফলে ওই দম্পতিকে ধাক্কা দিয়েই থামেনি গাড়িটি। তার পরে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। গাড়ি চালানোর সময় কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন অভিনেতা? তা নিয়েও উঠছে প্রশ্ন।

দম্পতিকে ধাক্কা মারার পর নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এখনও পর্যন্ত তারকার গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০০২ সালে মুম্বাইয়ের বান্দ্রায় রাত আড়াইটার সময় আমেরিকান এক্সপ্রেস বেকারির ফুটপাতে উঠে গিয়েছিল সালমান খানের গাড়ি। অভিযোগ উঠেছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। প্রাথমিকভাবে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে ২০১৫ সালে ওই মামলায় বেকসুর খালাস পান বলিউড ভাইজান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত