এফবিসিসিআই ইনোভেশন সেন্টারের যাত্রা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ এএম

দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। গত রবিবার রাতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এই সেন্টারের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি জানান, দেশের চলমান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। যেখানে এগ্রি বিজনেস, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্কুলার ইকোনমিসহ বিভিন্ন খাতের জন্য দক্ষ জনবল এবং উদ্যোক্তা তৈরি করা হবে। উদ্ভাবন, গবেষণা ও নীতি সহায়তার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তার।

সালমান এফ রহমান জানান, বর্তমান প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ংসম্পূর্ণ ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলার পরামর্শ তার। সভায় এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের কার্যক্রম এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন সেন্টারের ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক আবুল কাসেম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত