মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৬

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:২০ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের যাত্রীবাহী ট্রলারডুবিতে একই পরিবারের তিনজনসহ ছয় যাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।

নিখোঁজ যাত্রীরা হলো গজারিয়ার দক্ষিণ ফুলদি গ্রামের একই পরিবারের সুমনা আক্তার (২৮), জান্নাতুল মাওয়া (৬), সাফা (৪), মারওয়া (৮) এবং রংপুর জেলার বাসিন্দা একই পরিবারের সাব্বির হোসেন (৪০) ও রিমাত (২)।

ট্রলারচালক জানান, শুক্রবার সকালে ১১ জন যাত্রী নিয়ে গজারিয়া থেকে নৌভ্রমণে বের হন। দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে ফেরার পথে গজারিয়া লঞ্চঘাটের অদূরে পৌঁছলে নারায়ণঞ্জগামী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে ট্রলারডুবির খবর পেয়ে গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রাম থেকে নিলুফা বেগম নামের এক নারী মেঘনা নদীর তীরে এসে স্বজনদের খোঁজে আহাজারি শুরু করেন। তবে রাত ৮টা পর্যন্ত ওই নারী তার স্বজনদের সন্ধান পাননি। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুল্লাহ ও উপপরিদর্শক (এসআই) ইলিয়াস জানান, খবর পেয়ে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। মুক্তারপুর নৌ-ফাঁড়ির আইসি আব্দুস সোবহান জানান, ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কলাগাছিয়া এলাকায় পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত