চোট কাটিয়ে উঠলেও পুরোপুরি ফিট নন কেন উইলিয়ামসন। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও তাই নিয়মিত অধিনায়ককে পাবে না নিউজিল্যান্ড। বাংলাদেশ ম্যাচে তারকা এই ব্যাটসম্যানকে পাওয়ার আশা করছে কিউইরা।
উইলিয়ামসনকে ছাড়াই অবশ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। শক্তিশালী ব্যাটিং লাইনআপের প্রতিপক্ষে ২৮২ রানে থামিয়ে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা ৮২ বল বাকি থাকতে।
গত আইপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। পরে তার হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে। একটা সময় বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েই জেগেছিল আশঙ্কা। শেষ পর্যন্ত শঙ্কার সেই কালো মেঘ সরিয়ে তাকে নিয়েই ভারতে আসে নিউজিল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যাটিং করেন তিনি, রান অপরাজিত ৫৪ ও ৩৭। কিন্তু কিন্তু মূল লড়াইয়ে এখনো নামা হয়নি তার।
উইলিয়ামসনকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ নিউজিল্যান্ড। হায়দ্রাবাদে আজ সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। আগের দিন কিউই কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেন এই ম্যাচে উইলিয়ামসনকে না পাওয়ার কথা, ‘কেন বেশ ভালোভাবে উন্নতি করছে। তবে আমি মনে করি, ফিল্ডিং তার জন্য এখনো ভাবনার জায়গা, যার জন্য তাকে আরও প্রস্তুত হতে হবে। নিজের শরীরের ওপর আরেকটু আস্থা অর্জন করতে হবে তার।’
নিউজিল্যান্ডের পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে, আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে। এই ম্যাচে উইলিয়ামসন ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়ে স্টেড বলেন।
