বেলিংহ্যামের জোড়ায় রিয়ালের বড় জয়

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩০ এএম

করিম বেনজেমা চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের গোল মানেই যেন জুড বেলিংহ্যাম। বেশ কয়েকবার তো দলকে একাই খাদ থেকে তুলে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। শনিবার আরও একবার জোড়া গোল করেছেন তিনি। তাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেছেন ভিনিসিউস জুনিয়র ও হোসেলু।

মিডফিল্ডে খেলা এই ইংলিশ ফুটবলার গোলে পারদর্শী হলেও রিয়ালে এসে যেন বনে গেছেন একেবারে ফরোয়ার্ড। ম্যাচের ৯ মিনিটে বেলিংহ্যাম প্রথম গোলটি করেন। এরপর তার দ্বিতীয় গোলটি আসে ৫৪ মিনিটে। এ নিয়ে রিয়ালের হয়ে প্রথম ১০ ম্যাচে ১০ গোল করলেন বেলিংহ্যাম। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোও রিয়ালের হয়ে প্রথম ১০ ম্যাচে ১০ গোল করেছিলেন। তবে সমান ম্যাচে রোনালদোকে ছাড়িয়ে গেছেন অ্যাসিস্টে, এ সময়ে রোনালদোর অ্যাসিস্ট ছিল একটি। বিপরীতে এখন পর্যন্ত বেলিংহ্যাম তিনটি অ্যাসিস্ট করেছেন।

ভিনিসিউস গোল করেছেন ৬৫ মিনিটে। হোসেলু করেন ৭০ মিনিটে। আরও এক গোল হতে পারত রিয়ালের। ম্যাচের ৮৩ মিনিটে ওসাসুনার ডেভিড গার্সিয়া পেনাল্টি বক্সে হ্যান্ডবল করেন। পেনাল্টি পায় রিয়াল। তবে স্পটকিকে হোসেলুর শট রুখে দেন ওসাসুনা গোলকিপার। ৯ ম্যাচে আট জয় ও এক হারে ২৪ পয়েন্টে শীর্ষেই আছে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত