যুক্তরাজ্যের ওয়েলসে মাত্র ছয় মাসের চিকিৎসায় ক্যানসারমুক্ত হয়েছেন এক নারী। ক্যারি ডাউনি (৪২) নামে ওই নারীর অন্ত্রে ক্যানসার ধরা পড়েছিল এক বছর আগে। তখন সেটি ছিল তৃতীয় পর্যায়ে। তার ছয় মাস পর থেকে ছয় মাস ধরে চিকিৎসক তাকে ডস্টারলিম্যাব নামের ওষুধ দিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি সোয়ানসি বে ইউনিভার্সিটি হেলথ বোর্ড তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ডাউনির শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালের চিকিৎসক ক্রেগ ব্যারিংটন তার চিকিৎসা শুরু করেন। ডস্টারলিম্যাবের সাহায্যে ছয় মাস চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, ডাউনির ক্যানসার আক্রান্ত কোষগুলো উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। ডাউনি তার চিকিৎসক ব্যারিংটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ব্যারিংটন ও তার দল নতুন এক থেরাপির মাধ্যমে আমাকে চিকিৎসা দিয়ে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি কৃতজ্ঞ।’
সংবাদমাধ্যমটি বলছে, ডস্টারলিম্যাব এক ধরনের ইমিউনোথেরাপি, যা রোগীর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করে ক্যানসারের কোষগুলো ধ্বংস করতে সাহায্য করে। ডস্টারলিম্যাব ইনফিউশন এখনো পরীক্ষার পর্যায়ে (ক্লিনিক্যাল ট্রায়াল) রয়েছে। তবে এটি ব্যবহারে এরই মধ্যে সফলতা পাওয়া গেল। ধারণা করা হচ্ছে, এ ওষুধের ফলে অস্ত্রোপচার, রেডিওথেরাপি বা কেমোথেরাপি ছাড়াই ক্যানসারের সঠিক চিকিৎসা পাবেন রোগীরা।
যুক্তরাষ্ট্রে প্রস্তুত ডস্টারলিম্যাব নামক ওষুধটি মানবদেহে উৎপন্ন হওয়া অ্যান্টিবডির বিকল্প হিসেবে কাজ করতে পারে। দুই বছর আগে পরীক্ষামূলকভাবে মাস-ছয়েক ধরে ১৮ জন মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির দেহে এই ওষুধটি প্রয়োগ করেন গবেষকরা। পরীক্ষার শেষে দেখা যায়, প্রত্যেক রোগীর দেহ থেকেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ক্যানসার! এই খবর চাউর হতেই চিকিৎসক মহলে হইচই পড়ে যায়।
নিউ ইয়র্ক টাইমস সে সময় জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে যে ১৮ রোগী অংশগ্রহণ করে, তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেমোরিয়াল সেøান কেটারিং ক্যানসার সেন্টারে মলদ্বারের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ওষুধটি ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ অন্তর নির্ধারিত মাত্রায় রোগীদের দেওয়া হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার ২৫ মাস পর রোগীদের ফের পরীক্ষা করা হয়। তখনো তাদের শরীরে কোনো ধরনের অস্বস্তিবোধ কিংবা ক্যানসার কোষের হদিস মেলেনি। সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে ‘ডস্টারলিম্যাব’ ওষুধের প্রতি ডোজের দাম প্রায় ১১ হাজার ডলার।
