বিদেশি মুদ্রায় পরিচালিত দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ’ (এলটিএফএফ) থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পাবে ১৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ সুদে ডলারে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন রপ্তানিমুখী উৎপাদনশীল প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। গতকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক এ ব্যাংকগুলোর চুক্তি সই হয়।
চুক্তিতে সই করা ১৮ ব্যাংক হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এখন পর্যন্ত ৫৬টি শিল্পপ্রতিষ্ঠানকে ৩ থেকে ১০ বছর মেয়াদে ২৭ কোটি ৩৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ঋণ সুবিধা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৯টি শিল্পপ্রতিষ্ঠান সফলভাবে সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছে এবং বাকি প্রতিষ্ঠানগুলো নিয়মিত ঋণ পরিশোধ করছে।
এ ঋণের বিপরীতে আদায় করা কিস্তির (আসল অর্থ) বর্তমান স্থিতিসহ ভবিষ্যতে প্রাপ্য কিস্তি থেকে বাংলাদেশ ব্যাংকের অংশ বাদ দিয়ে বাকি অর্থ রপ্তানিমুখী উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদের জন্য এ সুবিধা দেওয়া হবে। এ তহবিল থেকে একটি শিল্পপ্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ লাখ ডলার ও সিন্ডিকেট ঋণে ১ কোটি ডলার পর্যন্ত অর্থায়ন পাবে। এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর, যার মধ্যে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ১ বছর।
সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সঙ্গে দশমিক ২৫ শতাংশ থেকে ১ দশমিক ২৫ শতাংশ সুদ যোগ করে তহবিল পাবে ব্যাংক। এর সঙ্গে সর্বোচ্চ দুই শতাংশ যোগ করে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে। একজন উদ্যোক্তা ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করলে ঋণের সর্বোচ্চ সুদের হার হবে ৮ দশমিক ৪৩ শতাংশ। সবশেষ তথ্য অনুযায়ী (৬ আগস্ট) এসওএফআর রেট ৫ দশমিক ১৮ শতাংশ।
