ভ্যাকসিন প্রকল্পের দ্রুত অনুমোদন চায় এডিবি

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:৩০ এএম

বাংলাদেশের ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে দ্রুত প্রকল্প অনুমোদন চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমানে প্রকল্প প্রস্তাব তৈরির প্রক্রিয়া চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি অনুমোদন না হলে স্বল্পসুদের ঋণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হবে। গতকাল বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠকে এসব কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা, ডেঙ্গুসহ আরও বিভিন্ন ধরনের রোগের টীকা তৈরি করা হবে। আগামীতে আরও বিভিন্ন ধরনের ভাইরাস আসতে পারে। সেজন্য এখন থেকে প্রস্তুতি দরকার। সরকার প্রকল্প গ্রহণ করেছে। সেখানে এডিবি ৩৩৮ মিলিয়ন ডলার বা ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে। এর মধ্যে অর্ধেক স্বল্পসুদে এবং অর্ধেক বাজারদরের কাছাকাছি সুদ থাকবে। প্রকল্পটি যাতে দ্রুত অনুমোদন করিয়ে দেওয়া হয় সেজন্য এডিবি অনুরোধ করেছে।

এম এ মান্নান জানান, এই ঋণের চুক্তি সইয়ের বিষয়ে কাজ হচ্ছে। তবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই চুক্তি সই করা না গেলে নমনীয় সুদে যে অর্ধেক ঋণ পাওয়ার সুযোগ আছে, তা আর থাকবে না। বিষয়টি তামাদি হয়ে যাবে। বিষয়টি মাথায় রেখে কাজটি দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টির সঙ্গে শুধু পরিকল্পনা মন্ত্রণালয় নয়, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও জড়িত।

বিভিন্ন টিকার তত্ত্বীয় দিকনির্দেশনা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থ দেবে এডিবি আর তৈরি করবে বাংলাদেশÑ এই ত্রিমুখী সহযোগিতার ভিত্তিতে স্থানীয়ভাবে টিকা তৈরি হবে বলে জানান মন্ত্রী এম এ মান্নান।

এডিমন গিন্টিং জানান, বর্তমানে বাংলাদেশ গাভি কার্যক্রম থেকে টিকা পাচ্ছে, তবে ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর এই সুযোগ থাকবে না। তবে বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে। সে কারণেই এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে এডিবি। সেই সঙ্গে এডিবির সহায়তা পেলে বাংলাদেশ ভবিষ্যতে টিকা রপ্তানি করতে পারবে বলেও মনে করেন গিন্টিং।

এডিমন গিন্টিং বলেন, গত অর্থবছর বাংলাদেশের জন্য সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২ বিলিয়ন ডলার স্বল্পসুদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত