মার্চের ৩১ তারিখ থেকে অক্টোবরের ১৩, প্রায় সাড়ে ছয় মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের কোনো ম্যাচ খেলা হয়নি কেন উইলিয়ামসনের। সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ব্ল্যাকক্যাপসদের প্রতিপক্ষ বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচের আগের দিন টাইগার স্পিনারদের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ঝরেছে উইলিয়ামসনের কণ্ঠে।
গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের উইকেট ও কন্ডিশনে ‘দারুণ চ্যালেঞ্জ’ অপেক্ষা করছে বলে জানান উইলিয়ামসন। তেমন হওয়াটাই স্বাভাবিক। টেস্ট ক্রিকেটের জন্য জনপ্রিয় চিদাম্বরাম স্টেডিয়ামে সচরাচর দেখা যায় স্পিনারদের ভেল্কি। উপমহাদেশের বাইরের দেশগুলো বেশিরভাগ সময় এখানে বিপদে পড়ে। চলতি বিশ্বকাপে এই মাঠে হওয়া প্রথম ম্যাচেও দেখা গেছে স্পিনারদের দৌরাত্ম্য।
ভারতের বিপক্ষে সেই ম্যাচে অস্ট্রেলিয়া খাবি খায় ভারতীয় স্পিনারদের সামলে উঠতে। দুশোর মধ্যেই থেমে যায় তাদের ইনিংস। বঙ্গোপসাগর পাড়ে অবস্থিত চেন্নাইয়ের মাঠটিকে অনেকে আখ্যা দেন ভারতের ‘মিরপুর’ হিসেবে। আর এমন একটি ভেন্যুতে প্রতিপক্ষ যখন স্পিনে শক্তিশালী বাংলাদেশ, সাবধানী হওয়ারই কথা কিউই অধিনায়কের।
উইলিয়ামসন সে প্রসঙ্গে জানান, ‘এই ম্যাচটি খুব চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপ এমনই একটি প্রতিযোগিতা যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আর সেটাই সবচেয়ে রোমাঞ্চকর। ধারাবাহিকভাবে কন্ডিশন বদলে যাবে। ওদের ও আমাদের দুই দলেই ভালো স্পিনার আছে। এখানে স্পিনাররাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।’
দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। উইলিয়ামসনকে ছাড়াই প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতলেও হেরে যায় দ্বিতীয় ম্যাচে। তবে দুই ম্যাচে বাংলাদেশের বোলারদের পাওয়া ১৯ উইকেটের ১১টিই নেন তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও শেখ মেহেদি হাসান। অন্যদিকে কিউই স্পিন বিভাগের মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস মিলে শিকার করেন ১৮ উইকেটের মধ্যে ১১টি।
বিশ্বকাপের এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ সফর করে নিউজিল্যান্ড। স্পিন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার হোমওয়ার্কটা তারা ভালোভাবেই সম্পন্ন করে। সেই সফরে ইশ সোধি ছিলেন ভয়ংকর রূপে। এই ম্যাচেও একাদশে দেখা যেতে পারে তাকে। আর প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করেই উইলিয়ামসন বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে নিঃসন্দেহে তারা অনেক বেশি অভ্যস্ত। ম্যাচ জেতানোর মতো বেশ কিছু খেলোয়াড় আছে তাদের।’ দীর্ঘ বিরতির পর দিবারাত্রির ম্যাচটিতে ধুন্ধুমার স্পিন লড়াইয়ে রোমাঞ্চ খুঁজে ফিরবেন উইলিয়ামসন।
