মেসি ফেরার ম্যাচে জয় আর্জেন্টিনার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:০০ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে নিশ্চয়তা ছিল না। শুরুতে ছিলেন বেঞ্চে। ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। এ সময় পুরো স্টেডিয়াম ‘মেসি মেসি’ ধ্বনিতে মুখরিত। আর্জেন্টাইন অধিনায়ক দুবার গোলের খুব কাছেও গেছেন। তবে মেসি গোল না পেলেও তার মাঠে ফেরার দিনে ঠিকই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাই ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে নেইমারের কর্নারে গোল করে এগিয়ে গেলেও দুর্বল ভেনেজুয়েলাকে হারাতে পারেনি ব্রাজিল। ড্র করেছে ১-১ গোলে।

মেসি বেঞ্চে ছিলেন। ডি মারিয়া তো স্কোয়াডেই নেই। ম্যাচ শুরুর সময় অধিনায়কের আর্ম ব্যান্ড ছিল নিকোলাস ওতামেন্দির বাহুতে। অভিজ্ঞ এই ডিফেন্ডারই বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে হাজার হাজার দর্শকের আনন্দের উপলক্ষ এনে দেন ম্যাচের তৃতীয় মিনিটে। ডি পলের কর্নার থেকে পাওয়া বল সরাসরি সাইড ভলিতে জালে পাঠান তিনি। পাঁচ বল পর জাতীয় দলের হয়ে গোল পেলেন ওতামেন্দি। ১০৬ ম্যাচে এটি তার পঞ্চম গোল।

৫৩ মিনিটে মাঠে নামা মেসির খেলায় অস্বস্তি ছিল স্পষ্ট। পুরোপুরি ফিট মনে না হলেও ঝলক ঠিকই দেখিয়েছেন। ডান দিক থেকে কর্নার থেকে আরেকটু হলে এনে দিয়েছিল দুর্দান্ত এক অলিম্পিক (কর্নার থেকে সরাসরি গোল) গোল। তবে শেষ মুহূর্তে পোস্টে লেগে ফিরে আসে বল। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে ফ্রি কিকে মেসির শট পোস্টে লাগে।

রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং হুলিয়ান আলভারেজের সমন্বয়ও ছিল দারুণ। শুধু মেসির শট পোস্টে লেগেছ তা নয়। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ডি পলের শটও পোস্টে লেগে ফিরে আসে। প্যারাগুয়ের গোলকিপারও দারুণ কিছু বল ঠেকিয়ে দিয়েছেন। ৫২ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর দারুণ এক সুযোগও পেয়েছিল প্যারাগুয়ে। কিন্তু এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়েও গোল করতে পারেননি র‌্যামন সোসা।

বাছাইপর্বে তিন ম্যাচের সব কটি জিতে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। ১৮ অক্টোবর পেরুর মুখোমুখি হবে দলটি। ওই ম্যাচে মেসির খেলা নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা কথা বলব। এখনো দুটো অনুশীলন সেশন বাকি আছে, আমরা দেখব।’ মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি।

আর্জেন্টিনার হয়ে ৬২১ মিনিট ধরে গোল হজম করেন না এমিলিয়ানো মার্তিনেজ। সবশেষ ২০২২ বিশ^কাপ ফাইনালে গোল হজম করেছিলেন তিনি। শেষ ৫০ ম্যাচে আর্জেন্টিনার হার একটি। এ সময় গোল করেছে ১০৮টি, হজম করেছে ২৫টি। ২০১৯ কোপা আমেরিকা সেমিফাইনালের পর আর্জেন্টিনা জিতেছে ৩৬টি, ড্র করে ১৩টি, হার একটি।

আর্জেন্টিনা জিতলেও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় গতকাল সকালে হওয়া ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের আগের দিন ব্রাজিল কোচ দিনিজ প্রশংসা করেছিলেন নেইমার-ভিনিসিউসের। দুজনই শুরুর একাদশে ছিলেন।

এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় বনে যান নেইমার। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে টানা ১৫ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ৫০ মিনিটে নেইমারের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। ব্রাজিলের জার্সিতে এটি তার প্রথম গোল। তবে ব্রাজিলের গোলের আনন্দ স্থায়ী হয়নি। ৮৫ মিনিটে ভেনেজুয়েলার হয়ে গোল শোধ দেন এদুয়ার্দো বেলো।

তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্টে দুইয়ে আছে ব্রাজিল।

কলম্বিয়া ও উরুগুয়ের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। ৫ পয়েন্টে তিনে কলম্বিয়া, এক পয়েন্ট কমে চারে উরুগুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত