এক সপ্তাহ ধরে কমছে ডেঙ্গু রোগী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৫০ এএম

গত এক সপ্তাহ ধরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগী ছিল ১ হাজার ৫৮৭ ও ঢাকায় ৪৬০ জন। এর আগে সর্বোচ্চ ২ হাজার ৭৪২ রোগী ছিল গত ৮ অক্টোবর। এরপর রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। মাঝখানে গত শুক্রবার রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৭৩ জন। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় সেদিন সব হাসপাতালের তথ্য দিতে পারে না স্বাস্থ্য অধিদপ্তর।

চার দিন পর গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও কমেছে। এ সময় মারা গেছে ১০ জন। তাদের মধ্যে অর্ধেক ঢাকায় ও অর্ধেক ঢাকার বাইরে মারা গেছে। এর আগের চার দিন ১৩ জন করে মারা যায়। তার আগের দিন ৯ অক্টোবর ১০ জন ও তার আগের দিন সাতজন মারা যায়। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে মৃত্যু সর্বনিম্ন সাতজন ও সর্বোচ্চ ১৩ জনের মধ্যেই ওঠানামা করছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মারা গেল ১ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৭২২ ও ঢাকার বাইরে ৪৩৬ জন। মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ। মোট মৃত্যুর ১৬৯ জনই মারা গেছে এ মাসের গত ১৪ দিনে।

চলতি বছর এখন পর্যন্ত রোগীর সংখ্যার দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগী ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ ও ঢাকায় ৯১ হাজার ৪৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৩৬ রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২ হাজার ৫০৯ ও ঢাকার বাইরে ৫ হাজার ৮২৭ জন।

মাসের হিসাবে, এ মাসে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৪৫ রোগী পাওয়া গেছে ও মারা গেছে ১৬৯ জন। এ বছর সর্বোচ্চ রোগী ছিল গত মাসে ৭৯ হাজার ৫৯৮ ও মৃত্যু ৩৯৬ জন এবং সর্বনিম্ন রোগী ছিল এপ্রিলে ১৪৩ ও মৃত্যু দুজন করে এপ্রিল ও মে মাসে। এ বছরের মার্চ ছিল মৃত্যুশূন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত