৪০০ কোটি টাকা তুলবে বোরাক রিয়েল এস্টেট

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম

দেশের পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪০০ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চায় আবাসন খাতের কোম্পানি বোরাক রিয়েল এস্টেট লিমিটেড। এ উপলক্ষে রাজধানী একটি হোটেলে রোড শোর আয়োজন করে কোম্পানিটি। রোড শোতে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক নানা দিক তুলে ধরা হয়।

কোম্পানিটির রোড শোতে উপস্থিত ছিলেন মার্চেন্ট ব্যাংকার্স, পোর্টফোলিও ব্যবস্থাপক, সম্পদ ব্যবস্থাপক, মিউচুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও বিদেশি বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা (ইআই)। বোরাক রিয়েল এস্টেট হচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ইউনিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯১ সালে তার কার্যক্রম শুরু করে। এটি আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ ও অ্যাপার্টমেন্ট বিক্রি করে।

রোড শোতে ইউনিক গ্রুপের এমডি নূর আলী বলেন, ‘বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের অংশীদাররা কখনো ঠকবেন না। ওয়েস্টিন হোটেল শুরু করার সময় সবাই পাগল বলত। আজ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি লাভবান আমরা। বোরাক রিয়েল এস্টেট একটি মাইলফলক প্রকল্প এবং বাঙালিদের জন্য এটি হবে একটি দ্বিতীয় গন্তব্য। এ প্রকল্পের বাইরে আমরা কুয়াকাটায় ১৪০ বিঘা জায়গার ওপর একটি বড় ধরনের রিসোর্ট করব, যেটা সমুদ্রকে আকৃষ্ট করবে। এছাড়া কুয়াকাটা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্যোগ নেব। এ ধরনের আরও প্রকল্প আমাদের আসবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারে এরই মধ্যে আমরা পাঁচ তারকা মানের হোটেল অ্যান্ড রিসোর্ট করার পরিকল্পনা করেছি। এসব প্রকল্পের বাইরে সোনারগাঁও ইকোনমিক জোন ঘিরে আমাদের নতুন নতুন পরিকল্পনা রয়েছে। আমি আশা করি আমাদের বোরাকের আইপিও সফল হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত