জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন সদ্য প্রয়াত তিনজন সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীপুর-৩ আসনের একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের মো. শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. আবদুস সাত্তার ভূঞার মৃত্যুতে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশন শুরু হয়েছে। গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রয়াত সংসদ সদস্যদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শোক প্রস্তাব নিতে নিতেই সময় গেল। একে একে আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। কভিডের সময় তো আরও বেশি। আজ আবার আমাদের এই চলমান সংসদে তিন তিনজন সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন। যদিও তাদের বয়স হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে শাহজাহান কামাল সাহেব এবং শাহজাহান সাহেব তাদের যথেষ্ট অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধ এবং আমরা যারা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, জেল-জুলুম-অত্যাচার সহ্য করা, নির্যাতন ভোগ করা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তারা সব সময় সক্রিয় ছিলেন।’
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘মানুষ জন্মালে একদিন মরে যেতে হবে এটা আমরা জানি, তারপর সংসদ চলাকালে এই শেষ বেলায় এসে এভাবে একে একে আমাদের ছেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যি কষ্টকর।’
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আ স ম ফিরোজ ও আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা ও পীর ফজলুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়। এর আগে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে ফিলিস্তিনে নিহতদের প্রতি সংসদের শোক ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে।
অধিবেশন চলবে ২ নভেম্বর পর্যন্ত : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের দায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। আগামী ২ নভেম্বর এই অধিবেশন সমাপ্ত হবে। অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭২২টি প্রশ্নসহ মোট ৭৪৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ২০টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭-এ নোটিস পাওয়া গেছে ২টি। আগে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১২টি, পাসের অপেক্ষায় ৫টি ও ৫টি অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় রয়েছে।
এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। পরে স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হয়।
