২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা জামায়াতের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৩০ এএম

সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সমাবেশ সফল করতে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠিও দিয়েছে তারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে দলটি। 

বিবৃতিতে বলা হয়, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি করার সিদ্ধান্ত হয়। সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে পুনরায় ক্ষমতায় আসে। ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে মধ্যরাতের পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোদী দলের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য গভীর রাত পর্যন্ত সাক্ষ্য নিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে সব রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত করছে না। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলসমূহের সভা-সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা। মিছিল, মিটিং, সভা-সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার যাতে তারা প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব। তাতে বাধা দেওয়া পুলিশের দায়িত্ব হতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত সময় ৫০ থেকে ৬০ বারেরও অধিক বার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করার সহযোগিতা চেয়ে আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এই ভূমিকা থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে।’

এর আগে গত ১৫ অক্টোবর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তির দাবিতে মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী জামায়াত। এর আগে গত ১১ অক্টোবর একই স্থানে মিছিল ও সমাবেশ করে দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত