নৈরাজ্য না করার ওয়াদা করলে অনুমতি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৩০ এএম

বিএনপি অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না এমন ওয়াদা করলে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার রাজধানীর মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে, তাদের সমাবেশের অনুমতি মিলবে। পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি। তিনি বলেন, বিএনপি জঙ্গি, সন্ত্রাস উত্থান ঘটিয়ে দেশকে একটা অকার্যকর বানাতে চেয়েছিল। আমাদের দেশের মানুষ কোনো দিন সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। আমার দেশের মানুষ সব সময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। কখনো মিছিল, কখনো অবস্থান, কখনো ঢাকার মুখ বন্ধ করে দেবেন, কখনো অচল করে  দেবেনসহ নানা ধরনের কথা বলছে বিএনপি।

কোনো আন্দোলনকে আমরা বাধাগ্রস্ত বা বন্ধ করি না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের যদি জনগণ আবারও ভোট দেয়, আপনারা দেশের শাসনভার নেবেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। ২০০১ সালে আমাদের সরকার পরাজিত হয়েছিল। আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আপনারা জনগণের কাছে মাপ চেয়ে যদি আবার ভোটে জয়যুক্ত হতে পারেন। তাহলে ক্ষমতায় আসবেন। সেখানে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু ঢাকায় লোক আসতে না পারলে অনেকে বিদেশে যেতে পারবে না, অনেকে চিকিৎসা নিতে পারবে না। সেখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে। এ ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা আছেন তাদের কর্তব্য তারা পালন করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত