নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপের বিনিয়োগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৩৭ এএম

নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন খাতে বিদ্যুৎ বিভাগকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৩৫ কোটি ইউরো ঋণ দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। এ ঋণের সঙ্গে আরও ৪ কোটি ৫০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া আরেক চুক্তির অধীনে ৬ প্রকল্পে ৮ কোটি ২০ লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে ইইউ। গতকাল বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ সরকার ও ইআইবির মধ্যে এ সংক্রান্ত  একটি ফ্রেমওয়ার্ক ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইআইবির ভাইস প্রেসিডেন্ট টেরেসা জারউইনস্কা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং ইআইবির এশিয়া প্যাসিফিক বিভাগের বিভাগীয় প্রধান এদভারদাস বুমসটেইনাস ঋণচুক্তি স্বাক্ষর করেন। ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ, ইআইবি, ইইউ’র আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, এ ঋণ গ্রহণের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সৌরবিদ্যুৎ ও বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন করা।

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইআইবি’র আগে বাংলাদেশ সরকারকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৬৩ কোটি ৫০ লাখ ইউরো ঋণ প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ইআইবি প্রধানত নবায়নযোগ্য বিদ্যুৎ, স্বাস্থ্য, পরিবহন, রেল যোগাযোগ, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে থাকে।

আরেক চুক্তিতে দেশের চলমান মোট ৬ প্রকল্পের জন্য ৮ কোটি ২০ লাখ ইউরো অনুদান দেবে ইইউ। গতকাল বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউর মধ্যে এ অনুদান সহায়তা চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের অনুদান পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সবেচেয়ে বেশি অনুদান পাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপম্যান্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি) প্রকল্পে, ৩ কোটি ইউরো। এছাড়া পার্টনারশিপ ফর গ্রিন এনার্জি ট্রানজিশন প্রকল্পে ১ কোটি ২০ লাখ, ইফেক্টিভ গভর্নেন্স: এক্সিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিস ইন বাংলাদেশ প্রকল্পে ১ কোটি, বাংলাদেশে পাবলিক এবং কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিরোধ ও প্রতিক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পে এক কোটি, বাংলাদেশে সবুজ অবকাঠামো বাড়ানোর প্রকল্পে ১ কোটি ইউরো অনুদান দেবে ইইউ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত