এনবিআরে আংশিক অটোমেশনে বন্ধ হবে না হয়রানি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:২৫ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের হয়রানি বন্ধে অটোমেশন করলেও তা পুরোদমে করতে না পারায় করদাতা ও ব্যবসায়ীদের হয়রানি কমছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এনবিআরের অভ্যন্তরে এবং বাইরের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে টেকসই অটোমেশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এসএমএসি আইটি লিমিটেড আয়োজিত ‘ট্রানজিশনিং ট্যাক্স কমপ্লায়েন্স টু ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক এক গোলটেবিল সভায় তারা এসব কথা বলেন।

ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিতে হয়। আবার অফিসে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ ডিজিটাল হলেও কার্যত ম্যানুয়াল ব্যবস্থা রয়ে গেছে। এতে ব্যবসায়ীদের হয়রানি কমছে না।

আইসিএবি সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু বলেন, ডিজিটাল করার উদ্দেশ্য হোক যাতে করদাতাদের কর অফিসে না যাওয়া লাগে। সেখানে গেলে আমিও (করদাতা) শেষ, আপনিও (রাজস্ব বিভাগ) শেষ। কারণ ওখানে যাওয়ার ক্ষেত্রে সবাই ভীত।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘আমরা কর দিতে চাই হয়রানি ছাড়া। যারা কর দিচ্ছেন, বারবার তাদের ওপর চাপ বাড়ে। কর ফাইল জমা দেওয়ার পর একজন কর কমিশনার তা অনুমোদন দিলেন। নতুন কমিশনার আসার পর তা দ্বৈবচয়নের ভিত্তিতে আবার ওপেন করেন। কিন্তু এটা কার ব্যর্থতা?’

অটোমেশনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আয়কর, ভ্যাট দিতে চাই। কিন্তু এনবিআরের নিজস্ব অফিসের মধ্যেই বিভিন্ন বিভাগের এখনো অটোমেশন হয়নি। এনবিআর করদাতার কাছ থেকে অগ্রিম আয়কর কেটে নেওয়ার পর তা আর ফেরত দেওয়া কিংবা সমন্বয় করছে না বলেও অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের কাছ থেকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত