চোট যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। দলটি পরিণত হয়েছে ছোটখাটো হাসপাতালে। পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজানো নিয়েই এখন অনিশ্চয়তায় আছে কিউইরা।
গতকাল বড় দুঃসংবাদ হয়ে এসেছে নিউজিল্যান্ডের আরও দুই খেলোয়াড়ের চোট। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান ও ফাস্ট বোলার লকি ফার্গুসন আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন। কাল খেলার সময় নতুন করে চোটে পড়েছেন অলরাউন্ডার জিমি নিশাম ও পেসার ম্যাট হেনরি।
হ্যামস্টিংয়ে চোট পাওয়া হেনরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং কোটাই পূরণ করতে পারেননি। ৫.৩ ওভার বল করার পর মাঠ ছেড়েছেন। নিশাম আঘাত পান তার ডান কবজিতে; যে কারণে ব্যাটিংয়ে নেমেছেন নয় নম্বরে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ১৫ জনের মধ্যে মাত্র ১০ জন এখন ফিট আছেন। চোটে পড়াদের মধ্যে কেউ দ্রুত সেরে না উঠলে আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাবে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচ জিতে উড়ছিল নিউজিল্যান্ড। এরপর হারিয়ে ফেলে তারা ছন্দ। সবার আগে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগানো দলটি এখন পড়ে গেছে শীর্ষ চারে থাকা নিয়ে শঙ্কায়। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে গত দুই আসরের রানার্সআপরা।
