রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে এনডিএম (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট বা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন)। দলটির পক্ষ থেকে বলা হয়, তারা এসেছে নির্বাচনের কমিশনের প্রতি আস্থা নেই সেটা তুলে ধরার জন্য।
আজ শনিবার দলটির সভাপতি ববি হাজ্জাজ তার লিখিত বক্তব্যে বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনের অন্যতম শরিক দল হওয়া সত্ত্বেও তারা আমাদের কথা শোনার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনাস্থা থাকা সত্ত্বেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা গত বছর তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়েছিলাম এবং আমাদের প্রস্তাবিত 'গণতন্ত্রের ইশতেহার' উপস্থাপন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান কমিশন গত বছরের সংলাপের ফলাফল কি সেটা আজ পর্যন্ত জাতির সামনে প্রকাশ করে নাই। আমাদের কোন প্রস্তাবনা তারা আমলে নেন নাই এমনকি সংলাপের অগ্রগতি নিয়েও কোনো রাজনৈতিক দলকে অবহিত করেননি।
এবছরের জানুয়ারি মাসে প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগাম প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছিলাম। আমার নিজ নির্বাচনী এলাকায় প্রথম যেদিন গণসংযোগ শুরু করতে যাব সেদিনই সরকারদলীয় এমপির ক্যাডার বাহিনী কর্তৃক আমি এবং আমার নেতাকর্মীরা নির্মম হামলার শিকার হই।
তিনি বলেন, সিইসি যখন বলেন মাত্র এক শতাংশ ভোটার উপস্থিত থাকলেও নির্বাচন আইনত বৈধ তখন আমরা চরমভাবে হতাশ হয়েছি। নির্বাচনের যথেষ্ট অনুকূল পরিবেশ নেই- গণমাধ্যমে পাঠানো এমন লিখিত বক্তব্যের ওপর বর্তমান কমিশন এখনো অটল আছেন কি-না সেটা আমরা জানতে চাই।
