সংবিধান অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা আছে আগামী জানুয়ারি মাসে। এ হিসাবে নির্বাচনের সময় বাকি প্রায় দুই মাস। ইতিমধ্যে একাদশ সংসদের অধিবেশও শেষ হয়েছে। এরই মধ্যে দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন। তবে এ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হলেও জাতীয় সংসদে বসার অভিজ্ঞতা পাবেন না। গতকাল রবিবার এ দুই আসনে নিয়মরক্ষার উপনির্বাচন হয়। ভোটারদের মধ্যে উৎসাহ না থাকালেও এ নির্বাচনেও জালভোট ও কারচুপির অভিযোগ উঠেছে। দুই প্রার্থী দুপুরে নির্বাচন বর্জনও করেছেন। নির্বাচনে বিজীয় হয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. গোলাম ফারুক পিংকু (১ লাখ ২০ হাজার ৫৯৯) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম (৬৬ হাজার ৩১৬)। নির্বাচনে লক্ষ্মীপুরে ৩১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে আর ব্রাহ্মণবাড়িয়ায় ভোট পড়েছে ২৭ শতাংশ।
লক্ষ্মীপুর-৩ : উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করে হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মো. রাকিব হোসেন লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৮৪৬ ভোট পান বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এদিকে দুপুর ২টায় জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির গোলাপ ফুল মার্কা প্রার্থী সামসুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তারা অভিযোগ তুলে বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট প্রদান করে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। কোনো সুষ্ঠু ভোট হয়নি এ নির্বাচনে।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী ভোট দিয়ে বলেছেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। সুষ্ঠু ভোট হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে তেমন সাড়া পাচ্ছেন না।
এ উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া-২ : স্বতন্ত্র প্রার্থীর ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক দুবারের জাপা এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
গতকাল সকাল থেকেই ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। নির্বাচনসংশ্লিষ্টরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করলেও উপস্থিতি বাড়েনি। কয়েকটি কেন্দ্রে নৌকা মার্কায় উন্মুক্ত ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।
নির্বাচনের কারচুপির অভিযোগটি মিথ্যা উল্লেখ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও কারচুপির কোনো সুযোগ নেই।
গত ৩০ সেপ্টেম্বর উকিল আবদুস সাত্তারের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
