ডিম আলুর পর এবার লবণ আমদানি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৪৪ এএম

ডিম ও আলুর পর এবার দেশের ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হচ্ছে। বাজারে যেন কোনো ঘাটতি না হয় সেজন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, ‘১৫ দিন আগে থেকেই লবণ উৎপাদন শুরু হওয়ার কথা, তো এটা একটু পিছিয়ে গেছে বলেই শিল্প মন্ত্রণালয় হয়তো মনে করেছে, পূর্ব সতর্কতা হিসেবে কিছু লবণ আমদানি করে রাখলে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য এটা (অনুমতি) দিয়েছে।’

তপন কান্তি ঘোষ আরও বলেন, ‘গত বছর সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল বলেই কিন্তু কোরবানির ঈদের সময়ও আমদানির অনুমোদন দেওয়া হয়নি। তখন যথেষ্ট লবণ ছিল। কিন্তু যেহেতু এই মৌসুমে প্রাকৃতিক কারণে লবণ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে... সেজন্য পূর্ব সতর্কতা হিসেবে আমদানির অনুমতি হয়েছে, যেন বাজারে কোনো ঘাটতি না হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত