গাজায় হাসপাতালে হামলা মৃত্যুর মুখে ৬৫০ রোগী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:১৭ এএম

গাজা উপত্যকার প্রধান চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের ৬৫০ রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে, যার মধ্যে ৩৭ শিশুও রয়েছে। গতকাল রবিবার ইসরায়েলের হামলায় হাসপাতালটির কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একাধিকবার হামলা করা হয়। গতকাল দিনের শেষভাগে জানা যায়, উপর্যুপরি হামলার পর আল-শিফা হাসপাতাল কার্যত অন্ধকারে ছিল। এর আগে গতকাল বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, তারা হাসপাতালটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারছে না।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ইসরায়েলি বাহিনী বলছে, আল-শিফা হাসপাতালের রোগীসহ সব কার্যক্রম সরিয়ে নিতে। কিন্তু এই কাজ কার্যত অসম্ভব। হাসপাতালে যারা রয়েছে তাদের একমাত্র মিসরে সরিয়ে নেওয়াই সম্ভব।

তিনি জানান, ‘এক শিশুকে জোরপূর্বক স্থানান্তর করার সময় সে নিহত হয়। কারণ জীবনরক্ষাকারী কোনো ব্যবস্থা ছিল না। আমরা আল-শিফার ৬৫০ রোগীর ক্ষেত্রে এক ঘটনা দেখতে চাই না।’

আল-শিফা হাসপাতালে কোনো জ¦ালানি আর অবশিষ্ট নেই। অর্থাৎ হাসপাতালটিতে আর কোনো কার্যক্রম চালানো যাচ্ছে না। এদিকে জ¦ালানির অভাবে তৈরি হওয়া বিদ্যুৎ সরবরাহ সংকটের জেরে গাজার আরেক চিকিৎসাকেন্দ্র আল-কুদস হাসপাতালও গতকাল বন্ধ হয়ে যায়। এদিকে গতকাল পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১১ হাজারের ওপরে ছিল।

হামাসের পক্ষ থেকে গতকাল বলা হয়, আল-শিফা হাসপাতাল কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী যে কর্মকা- পরিচালনা করছে, তার প্রতিবাদে তারা জিম্মিদের মুক্তি দেওয়া নিয়ে চলতি আলোচনা স্থগিত করছে। গুঞ্জন চলছিল, হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া নিয়ে আলোচনা চলছে। প্রায় ৫০-১০০ জনের মতো জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।

গাজায় ১৯২ স্বাস্থ্যকর্মী নিহত : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলের হামলায় ১৯২ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ডব্লিউএইচও বলছে, নিহতদের মধ্যে ১৬ জন কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান। জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরের ১০১ কর্মী নিহত হন। তারা আরও জানায়, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন।

গাজা পরিস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান : সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবিক বিধিবিধান নস্যাৎ করা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা প্রমাণ করেছে।’

সৌদি আরবের রিয়াদে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লিগের যৌথ সম্মেলনে গত শনিবার তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব নেতাকে অবশ্যই একত্র হতে হবে। এ সময় তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি তোলেন।

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভারতের ভোট : পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূমিসহ অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রমের নিন্দা জানিয়ে আনা জাতিসংঘের একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত। গত বৃহস্পতিবার এই ভোটাভুটি হয়। এতে সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮টি দেশ ভোটদান থেকে নিজেদের বিরত রাখে।

তবে এর আগে গাজার চলতি সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল-হামাস লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যে প্রস্তাব আনা হয় তাতে ভোটদানে বিরত ছিল ভারত। ওই প্রস্তাবে ‘অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও টেকসই মানবিক বিরতির’ কথা বলা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত