নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুসের বোতলে পেট্রোল ভরে বাসে আগুন দেওয়ার প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট চার বোতল পেট্রোল জব্দ করা হয়। পুলিশের দাবি, তারা বিএনপির কর্মী।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
আটকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।
পুলিশ সুপারের দাবি, সোমবার ভোরের দিকে আড়াইহাজার বিএনপির ৪-৫ জন কর্মী হাতে জুসের বোতল নিয়ে বাসে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আড়াইহাজার থানা পুলিশের টহল দল তাদের দুজনকে আটক করে। তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহর দাবি, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
