রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৪৪ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল শনিবার সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম এবং সৌদি আরবে সাম্প্রতিক সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ব্রাসেলস ও জেদ্দা সফর-সংক্রান্ত দুটি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেইনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে তিন দিনের (২৫-২৭ অক্টোবর) সরকারি সফরে গত ২৪ অক্টোবর বেলজিয়াম যান।

পরে সরকারপ্রধান জেদ্দায় চার দিনব্যাপী (৬-৮ নভেম্বর) ‘ইসলামে নারী : মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরে যান। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল বিদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান এবং একে অন্যের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করায় রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার পতœী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও প্রথা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিণীকে ফুলের তোড়া উপহার দেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত