আয়কর রিটার্ন জমার জন্য আরও এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর চিঠিতে সংগঠনটি বলেছে, রিটার্ন দাখিলের সময় আগমী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো প্রয়োজন। গতকাল বুধবার এনবিআরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কারণ হিসেবে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন, ২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার কারদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলমের স্বাক্ষরিত চিঠিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন বাণিজ্য সংগঠন থেকে এফবিসিসিআইয়ের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ নম্বর ধারার আলোকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির অনুরোধ করেছে এফবিসিসিআই।
নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করতে হলে কর দিবস ৩০ নভেম্বরের পর অন্য কোনো দিনে পালনের ঘোষণা দিতে পারে এনবিআর।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। গত অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়েছিল। এর আগে, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমার সময়সীমা আরও দুই মাস বাড়ানোর দাবি জানায়। গত ৮ নভেম্বর এনবিআর চেয়ারম্যানকে এ ব্যাপারে চিঠি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদ উজ্জামান খান।
