নেদারল্যান্ডসেও ইইউ ছাড়ার গণভোট! 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৬ পিএম

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনে চরম ডানপন্থিনেতা গির্ট উইল্ডার্সের ফ্রিডম পার্টি (পিভিভি) সর্বাধিক ৩৭টি আসনে জয়লাভ করেছে। দেশটির ইতিহাসে ২৫ বছর পর বামপন্থিদের হটিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল রক্ষণশীল ডানপন্থিরা। অর্থাৎ দেশটিতে আগামী দিনের ডানপন্থি শাসন শুরুর সম্ভাবনা প্রবল হলো। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার জন্য দেশটিতে গণভোট আয়োজন করার কথাও বলে আসছেন তিনি। 

নির্বাচনী ফল ঘোষণার মধ্যেই গির্ট উইল্ডার্স বলেন, ‘পিভিভি এখন আর অবজ্ঞা করার মতো বিষয় নয়। আমরা সরকার গঠন করব।’ ইউরোপীয় এই রাজনীতিক ইসলাম ধর্মের একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত। দেড়শ আসনের আইনসভায় সরকার গঠন করতে ৭৬টি আসন দরকার। এবার তিনি সরকার গঠনের জন্য জোট গঠনের ঘোষণা দিয়েছেন। ৬০ বছর বয়সী এই নেতা গতকাল বৃহস্পতিবার বলেন, তিনি আলোচনা করতে ইচ্ছুক এবং সরকার গঠন করতে অন্য দলগুলোর সঙ্গে আপস করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উইল্ডার্সের জয় ইউরোপীয় সমাজে অস্তিত্ব তৈরি করেছে। তার জয়ের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলের ডানপন্থিরা বেজায় খুশি। নেদারল্যান্ডস ইইউয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য। এ জন্য দেশটির শাসনকাঠামোয় ডানপন্থিদের উত্থান ইইউ জোটের কাছে চিন্তার বিষয়।

উইল্ডার্স ইইউ থেকে নেদারল্যান্ডসকে বের করে আনতে গণভোট আয়োজন করতে চান। তবে বিশ্লেষকরা বলছেন, উইল্ডার্স চাইলেও দেশের মানুষ এখনই এই ধরনের বিষয়কে মেনে নিতে নাও পারেন। এটির ওপর দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন জোগাড় করাও কঠিন হবে। 

নির্বাচনী প্রচার সভায় গির্ট উইল্ডার্স অভিবাসন ইস্যুতে ডাচ সমাজের হতাশাকে কাজে লাগান। এ ছাড়া তিনি সীমান্ত বন্ধ করার পাশাপাশি ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ ‘আল-কোরআন’ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনার ফ্রান্স টিমারম্যানসের নেতৃত্বাধীন বামপন্থি জোট ২৫টি আসন দখল করে দ্বিতীয় হয়েছেন। তিনি স্পষ্ট করেন, নির্বাচনের ফলে উইল্ডার্সের ভালো অবস্থান দখল নিয়ে তার বলার কিছুই নেই। তিনি ডাচ গণতন্ত্র ও আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত