আবারও একসঙ্গে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১২:২৯ এএম

চার বছরেরও বেশি সময় আগে মোরসালিন শুভর পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘বাবা হতে চাই’ নাটকে প্রথমবার জুটি বেঁধে ছিলেন তানিয়া বৃষ্টি। টিভিতে প্রচারের পর বেশ সাড়া ফেলেছিল এটি। তাদের একসঙ্গে দেখা গেছে বেশকিছু নাটকে। আবারও জুটি বাঁধলেন তারা, শেষ করলেন নতুন একটি নাটকের কাজ, নাম ‘কেরানী আক্কাছ’। জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করেছেন নির্মাতা রাকেশ বসু।

মোশাররফ করিম বলেন, ‘রাকেশের সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। খুব গুছিয়ে বুঝে-শুনে কাজ করে। বৃষ্টির সঙ্গেও আমার বেশ কিছু কাজ হয়েছে। দর্শকও তার সঙ্গে আমার কাজগুলো পছন্দ করেছে। এই নাটকের গল্পটাও বেশ চমৎকার। একটা দ্বন্দ্বের গল্প, ঈর্ষার গল্প, পরস্পর পরস্পরকে খোঁচানোর গল্প এবং এসবের মধ্যদিয়ে ভেতরের মানুষটার বেরিয়ে আসার গল্প।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রথম নাটকে কাজ করেই ভীষণ সাড়া পেয়েছিলাম। এরপর যতগুলো নাটকে তার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে বলা যায় প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্যই অভূতপূর্ব সাড়া পেয়েছি। মোশাররফ ভাই এত বড় একজন অভিনেতা, মাঝে মাঝে আমি অবাক হই এতো উঁচুতে থেকেও কী সাবলীল তিনি। কী ভীষণ আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেন। এত বড় শিল্পী হয়েও কী ভীষণরকম বিনয়ী। সত্যিই তার কাছে অনেক কিছু শিখেছি। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিশাত তাসনিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত