সরকারের পদত্যাগের দাবি আদায়ে সপ্তম দফায় রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া সমমনা অন্য দলগুলো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়।
এদিকে ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে আরও ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। অন্যদিকে নাশকতার মামলাসহ বিভিন্ন অভিযোগে এক সাংবাদিকসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৮ অক্টোবর পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৬৯০ জনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ঢাকা : সকাল সাড়ে ৬টায় ফকিরাপুল সড়কে ঝটিকা মিছিল করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। ঝটিকা মিছিল শেষে রিজভী বলেন, ‘সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছেন। জনগণ এই কর্মসূচিতে রাজপথে নেমে আসছে। জনগণের আন্দোলন দমানো যাবে না।
এদিকে নটর ডেম কলেজের সামনে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। পান্থপথে স্বেচ্ছাসেবক দলের এবং মেরুল বাড্ডায় ছাত্রদল ‘ঝটিকা’ মিছিল করে। এছাড়া দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। সকাল সাড়ে ১১টায় তোপখানা রোড থেকে গণতন্ত্র মঞ্চ মিছিল বের করে।
এদিকে গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্র ও শনিবার দুদিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি আস্থা রাখি, যে সমস্ত কর্মসূচি হয়েছে পূর্বে সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী অত্যন্ত বীরত্বের সঙ্গে, সাহসিকতার সঙ্গে দৃঢ় প্রত্যয়ে আগামী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সাফল্যম-িত করবেন। পাশাপাশি বিগত দিনের সবগুলো অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানাই।’
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আগামী ২৬ ও ২৭ নভেম্বর রবি ও সোমবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়া একই কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, পিপলস পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১২দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।
এদিকে গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল-অবরোধের কর্মসূচিতে গত ২৯ অক্টোবর থেকে গত বুধবার পর্যন্ত মোট ৩১০টি ভাঙচুরের ঘটনা, ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন।
এদিকে র্যাব জানিয়েছে, গতকাল রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির সক্রিয় সদস্য আলী কায়সার পিন্টুসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মহানগরী এলাকায় অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ এবং কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সর্বমোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর : গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, দুর্বৃত্তরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে একটি নাশকতার মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম সাধারণ সম্পাদক, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
চট্টগ্রাম : মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও শিবিরের ১১জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
বরিশাল : নাশকতার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে বরিশাল আদালতে তাকে পাঠানো হয়েছে। এদিকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের প্রধান ফটক থেকে মহানগর বিএনপির ব্যানারে মিছিল বের হয়। অপরদিকে বরিশাল-ঢাকা মহাসড়কে জেলার উজিরপুর জয়শ্রী এলাকায় গত রাত ৪টার দিকে সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে বরিশাল জেলা যুবদল নেতাকর্মীরা।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। চৌহাট ইউনিয়নে নাশকতার পরিকল্পনাকালে ঘটনাস্থল থেকে ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ওই নেতাকর্মীদের বিডি ফুড কারখানার পাশ থেকে গ্রেপ্তার করেছে।
কুষ্টিয়া : বুধবার রাত ৮টার দিকে বিএনপির ডাকা অবরোধের পক্ষে মশালসহ ঝটিকা মিছিল করার সময় স্থানীয় আওয়ামী সমর্থকদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মশালসহ স্কুলপড়ুয়া ৩ বালককে আটক করে পুলিশে দেয় তারা।
কিশোরগঞ্জ : কুলিয়ারচরে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ হয়েছে। এ সময় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়াও গাছ কেটে একটি সড়ক বন্ধ করে রাখারও ঘটনা ঘটেছে।
রাজশাহী : রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর নগরীর সিটি হাট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
