উত্তর কোরিয়ার হাতে গোয়েন্দা স্যাটেলাইটের ছবি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ছবি পাওয়ার কথা জাানিয়েছে উত্তর কোরিয়া। গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কয়েক দিন পরই পিয়ংইয়ং এই দাবি করল। গত শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এসব ছবি পর্যালোচনা করছেন।

উত্তর কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনটিতে বলা হয়, গোয়েন্দা স্যাটেলাইট ‘প্রধান লক্ষ্যবস্তুগুলোর’ ছবি ধারণ করেছে যার আওতায় ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ পিয়ংতায়েক, ওসান, মকপো এবং গুনসান এলাকা। এসব এলাকায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ছবি তুলেছে স্যাটেলাইট। গত শুক্রবার সকালের দিকে কোরীয় উপদ্বীপ অতিক্রমণের সময় স্যাটেলাইটটি এসব ছবি তুলেছে।

এরপর গতকাল উত্তর কোরিয়ার গণমাধ্যমে আরও বলা হয়, হাওয়াই দ্বীপে মার্কিন স্থাপনা, পার্ল হারবারে নৌ-ঘাঁটি এবং হনুলুলুতে বিমান ঘাঁটির যেসব ছবি তোলা হয়েছে তা পর্যালোচনা করেছেন কিম জং উন।

চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়া প্রথমবারের মতো সফলতার সঙ্গে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এরপরই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য সই হওয়া নিরাপত্তা চুক্তি থেকে সরে আসে উত্তর কোরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত