যান চলাচল ও গাড়িতে আগুন দুটোই বেড়েছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সপ্তম দফার এ অবরোধ শেষ হচ্ছে আজ মঙ্গলবার সকাল ৬টায়। এরই মধ্যে এক দিন বিরতি দিয়ে বুধবার আবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে সাত দফার কর্মসূচিতে ২১৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) ঘটনা ঘটেছে। এর মধ্যে সপ্তম দফা অবরোধের শেষ দিন রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ১১ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে রাজধানীসহ সারা দেশের সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে দেখা গেছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকলেও সড়কে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার ভোর ৬টা হতে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেছেন, ‘প্রতিদিনই সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের জনসম্মুখে হাজির করার অনুরোধ জানানো হলেও তা করা হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল রউফকে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আমাদের ধারণা বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনী অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে গেছে। আমি অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহবান জানাচ্ছি।’

রিজভী বলেন, ‘পিরোজপুর জেলার নজিরপুর থানার অন্তর্গত ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে গত রবিবার গভীর রাতে তার বাসায় পুলিশ অতর্কিত হামলা চালায়। তাকে না পেয়ে তার বাড়িতে বসেই পুলিশ তার ছেলে ও ভাইকে ব্যাপক মারধর এবং ফারুক হাওলাদারের মেয়ের সঙ্গে অসম্মানজনক আচরণ ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরে ফারুক হাওলাদারের ছেলে ও ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে ১৩টি, আসামি করা হয়েছে ১ হাজার ৪৮০ জনের অধিক নেতাকর্মী (এজাহারনামীয়সহ অজ্ঞাত) এবং আহত হয়েছেন ৫০ জনের অধিক নেতাকর্মী।’

অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি মিছিল ও সমাবেশ করেছে। এদিকে গতকাল রাজধানীর শ্যামলী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা পৌনে ৩টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাতে পাবনার ঈশ্বরদিতে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ অবরোধে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, নওগাঁয় একটি, কিশোরগঞ্জে একটি, খাগড়াছড়িতে একটি, দিনাজপুরে একটি, রাজশাহীতে একটি, নাটোরে তিনটি ও সিলেটে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২১৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) ঘটনা ঘটেছে।

এদিকে র‌্যাব সোমবার রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় রাজধানীর হাতিরঝিল ৩৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হানিফ রায়হান এবং রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইউনিয়ন যুবদল সভাপতি আরমান উল্লাহ ডাবলুকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৭৬৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দেওয়ার অভিযোগে যুবদলের চার নেতাকে ‘হাতেনাতে’ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়া হলে পাঁচ মিনিটের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করে পুলিশ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে পেট্রোলপাম্পে দাঁড় করিয়ে রাখা জিএম ট্রাভেলসের তিনটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম নামক স্থানে নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীসহ বিআরটিসি বাস থামিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় বাসের সুপারভাইজার ও দুই যাত্রী আহত হন।

দিনাজপুর : কাহারোল উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে যায়। রবিবার রাত দেড়টায় কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কুলিয়ারচর পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ২টার দিকে পৌরসভার কুলিয়ারচর-দাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত