রবিবার থেকে ফের অবরোধের ঘোষণা

অষ্টম দফা শেষ বিস্ফোরণ আগুনে

২৪ ঘণ্টায় বিএনপির ৩৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলো এক মাসের বেশি সময় ধরেই অরবোধ ও হরতালের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে অষ্টম দফার কর্মসূচির শেষ দিনে হারতাল পালন করেছে বিরোধীরা। আগের মতো সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও রাজপথে ঝটিকা মিছিল ও কয়েক মিনিটের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ ছিল দলগুলোর নেতাকর্মীদের তৎপরতা। রাজধানী ঢাকাসহ সারা দেশেই যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। তবে আগের কয়েক দফার অবরোধের মতোই গতকালও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই গতকাল নবম দফায় অবরোধের ডাক দিয়েছে দলটি। আগামী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নবম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, ‘আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মামলা হয়েছে ১৭টি, আসামি করা হয়েছে ১৯১০ জনের অধিক নেতাকর্মী (এজাহারনামাসহ অজ্ঞাত) এবং পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন ৭০ জনের অধিক নেতাকর্মী।’

এদিকে হরতালের সমর্থনে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি দুপুর দেড়টায় গুলশান এক নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে গুলশানের আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দুপুরে অনুষ্ঠিত পৃথক এক মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, খিলগাঁও আনসার ক্যাম্পের সামনে থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, সেগুনবাগিচা ও খিলগাঁও চৌরাস্তায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুরানা পল্টন, বিজয়নগর, প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোটসহ শরিক দলগুলো।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, ‘আমার বিষয়টি তদন্ত করে দেখছি।’

এদিকে কমলাপুরে নারায়ণগঞ্জ ফেরত কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এক যাত্রীর সহযোগিতায় একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশের কমলাপুর থানা। গ্রেপ্তারের নাম আল আমিন (২৩)। পেশায় বাসচালক আল আমিন সক্রিয় বিএনপির কর্মী, দাবি পুলিশের। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ২০৭৫ নম্বর বগিতে যাত্রী বেশে থাকা আল আমিন ও তার আরও তিনজনের সহযোগিতায় পেট্রোল ঢেলে বগির ৮টি সিটের ওপর পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে কয়েকবার আগুন ধরানোর চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সহায়তায় রেলওয়ে পুলিশ তাকে আটক করে।

গাজীপুরের ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যান ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত বুধবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগে বগুড়ার শাজাহানপুরে বনানী এলাকায় রাত সাড়ে ১২টা ও সদরের জয়বাংলা এলাকায় রাত ১টার দিকে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, রাত ১টার দিকে সদরের জয়বাংলা হাট এলাকায় দই-মিষ্টির কাজে ব্যবহৃত একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

জেলায় গতকাল সকালেও বিএনপির কর্মীরা বাস ভাঙচুর করেছেন। এ সময় পুলিশ দুই পিকেটারকে আটক ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। গতকাল সকাল সোয়া ৯টার দিকে শহরের কানুসগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ প- ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর থেকেই দলটি লাগাতার আন্দোলনে রয়েছে। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত