ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ ঘিরে বার্মিংহামের রাস্তায় ঘটে গেছে লঙ্কাকাণ্ড। মাঠে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ক্লাব সমর্থকরা। পুলিশকে উদ্দেশ্য করে নাকি ছোড়া হয়েছে ‘মিসাইল’!
অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচকে ঘিরে পুলিশের সঙ্গে মারামারিতে জড়ান লেগিয়া ওয়ারশর সমর্থকরা। তবে ম্যাচটিতে এর প্রভাব পড়েনি। যথাসময়ে শুরু হওয়ার পাশাপাশি দুই দলের লড়াই শেষও হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই।
ঘটনায় চার পুলিশসহ অনেকে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৯ ব্যক্তিকে আটক করেছে।
ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, পুলিশ ‘ন্যাক্কারজনক ও খুবই বিপজ্জনক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তাদের দিকে ‘মিসাইল ও ফ্লেয়ার্স’ ছুড়ে মারা হয়। সংঘাতের ঘটনার পর ওয়ারশর কোনো সমর্থককে তাদের দলের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে, অক্টোবরে নেদারল্যান্ডসের আলকামারের সঙ্গে খেলতে গিয়েও ডাচ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ওয়ারশর সমর্থকেরা। এর জেরে অ্যাস্টন ভিলা গ্যালারিতে ওয়ারশ সমর্থকদের প্রবেশাধিকার এক হাজার জনে সীমিত করে স্থানীয় ইমারজেন্সি কর্তৃপক্ষ।
ঝামেলাটা হয় সেখানেই। মাঠে ঢুকতে ভিলা পার্কের বাইরে জড়ো হন প্রায় দুই হাজার ওয়ারশ সমর্থক। এত দর্শকের প্রবেশে ব্যারিয়ার দেওয়া হলে পুলিশের সঙ্গে মারামারিতে জড়ান পোলিশ দলটির সমর্থকেরা।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আহত পুলিশদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি ঘোড়া এবং কুকুরও এ ঘটনায় আহত হয়। এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেন, ‘ফুটবলের চমৎকার একটি সন্ধ্যা হওয়ার কথা ছিল এটি। কিন্তু দুর্ভাগ্যজনককভাবে আমাদের বেদনাদায়ক দৃশ্য দেখতে হয়েছে। বাইরে থেকে আসা সমর্থকেরা আমাদের কর্মকর্তাদের দিকে ফ্লেয়ার্স এবং অন্যান্য মিসাইল ছুড়েছে। এখানে তাদের স্টেডিয়ামে প্রবেশ বন্ধ করা ছাড়া আমাদের অন্য কোনো সুযোগ ছিল না।’
ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে অ্যাস্টন ভিলা। এ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ওয়ারশও পরের ধাপের সম্ভাবনা টিকিয়ে রেখেছে।
