সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২২ : বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অন্যান্য কর্মকর্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আলোচ্য বছরে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার অল্প কিছু ঘটনা ঘটলেও সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে দমন করতে পেরেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সমালোচিত, সে বিষয়টিও প্রতিবেদনের শুরুতে মনে করিয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অন্যান্য কর্মকর্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির জিরো টলারেন্স নীতির ওপর জোর দেন। তারা আল-কায়েদা ও আইএসের মতো বিশ্বব্যাপী সংগঠিত জিহাদি জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি নির্মূলে অঙ্গীকারাবদ্ধ। অবশ্য বাংলাদেশ উল্লিখিত জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি অস্বীকার করে চলে।
‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২২’-এর বাংলাদেশ অংশে বলা হয়, বিশেষত আল-কায়েদা অনুমোদিত গোষ্ঠী, জামাআতুল মুজাহিদীন (জেএমবি) এবং আইএসের অনুমোদিত জেএমবি শাখা, নব্য জেএমবির মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে কর্র্তৃপক্ষ কঠোরভাবে আমলে নেওয়ায় ২০২২ সালে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার অল্প কিছু ঘটনা ঘটেছে। অক্টোবরে বাংলাদেশ কর্র্তৃপক্ষ আল-কায়েদা অনুপ্রাণিত একটি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নির্মূল করার জন্য অভিযানের ঘোষণা দেয়। গত অক্টোবরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর প্রশিক্ষণ নিতে পার্বত্য চট্টগ্রামে অবস্থানকালে আল-কায়েদা অনুপ্রাণিত একটি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে ব্যাহত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ সরকারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠীটি জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে সহযোগিতা করেছিল। বছরের বাকি সময়জুড়ে কয়েক ডজন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে হামলার ঘটনায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় দোষী সাব্যস্ত মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে গত ২০ নভেম্বর ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
প্রতিবেদনে বলা হয়, কারাগারব্যবস্থায় মৌলবাদ থেকে সহিংসতা এবং সন্ত্রাসী নিয়োগ গুরুতর উদ্বেগ হিসেবেই রয়ে গেছে।
সিটিটিসিইউ (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে বাংলাদেশের নির্বাচিত কারাগারগুলোতে বাস্তবায়নের জন্য সহিংসতা থেকে একটি সমন্বিত ‘ডেরাডিকালাইজেশন’ প্রোগ্রাম তৈরি শুরু করে।
