৫৫ শতাংশ দল মিলেও দিতে পারেনি ৩০০ প্রার্থী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম

দল ও প্রার্থীর সংখ্যা নিয়ে নানা নাটকীয়তা শেষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পার হওয়ার তিন দিনের মাথায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ভোটে এসেছে ২৯টি। নির্বাচনে অংশ নিতে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ২ হাজার ৭১২ জন। এর মধ্যে দল থেকে প্রার্থী হয়েছেন ১ হাজার ৯৬৫ জন আর স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটে অংশ নেওয়া নিবন্ধিত দলগুলোর মধ্যে ৫৫ শতাংশ দল মিলেও দিতে পারেনি ৩০০ প্রার্থী। এর মধ্যে কিছু কিছু দল রয়েছে, যারা নামমাত্র প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। তালিকা অনুযায়ী জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ৬, বিকল্পধারা ১৪, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৬, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৪, গণফ্রন্ট ২৫, বাংলাদেশ মুসলিম লীগ ২, গণফোরাম ৯, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৫, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ ও ইসলামী ঐক্যজোটের ৪৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

একই অবস্থা সদ্য নিবন্ধন পাওয়া তিন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও তৃণমূল বিএনপির। তফসিলের আগে দলগুলো আলাদাভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে হাঁকডাক দিলেও শেষ পর্যন্ত এই তিন দলের প্রার্থীর সংখ্যা ২৮২ জন। এর মধ্যে তৃণমূল বিএনপি ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে তারা প্রার্থী দিতে পারেনি।

তবে সমানে সমান প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দেশের ৩০০ সংসদীয় আসনে দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ ও জাপা একই সংখ্যক প্রার্থী দিয়েছে। এই দুই দলই ৩০০ আসনে ৩০৪ জন করে প্রার্থী দিয়েছে।

মনোনয়ন দাখিলে একক দল হিসেবে সংখ্যার ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে জাকের পার্টি। দলটি থেকে ২১৮ মনোনয়নপত্র জমা দিয়েছে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৯১, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৪৭, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৫৫ এবং বাংলাদেশ কংগ্রেসের ১১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি জানায়, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন দিয়েছে। তবে ৫টি নির্বাচনী এলাকায় (মেহেরপুর-১, জামালপুর-৫, ময়মনসিংহ-৩, মানিকগঞ্জ-২ ও চট্টগ্রাম-৪) দলটির দুটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দুজনকে দলীয় মনোনয়ন দিলেও পরে ৩০ নভেম্বর মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে।

ইসি আরও জানায়, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি রাজনৈতিক দলের একটি মনোনয়নপত্র জমা পড়লেও বাস্তবে এই নামে কোনো দলের নিবন্ধন নেই। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৭৪১ উল্লেখ করলেও কয়েকটি আসনে একজন দাখিলকারীর একাধিক মনোনয়নপত্র থাকায় পরে যাচাই-বাছাইয়ে ২ হাজার ৭১২ জন দাখিলকারীর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত