টাঙ্গাইলের মির্জাপুরে ঋণের দায়ে হতাশাগ্রস্ত যুবক নিরুপম রাহা (৪০) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহরিয়া গ্রামের নিমাই চন্দ্র রাহার ছেলে বলে জানা গেছে। তিনি পরিবার নিয়ে পৌর এলাকার বাইমহাটী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিরুপম বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে পরিশোধ করতে না পেরে হতাশ হয়ে পড়েন। তাছাড়া মাদক সেবনও করতেন। সোমবার বেলা সোয়া ২টার দিকে চিলাহাটী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।
পথচারী স্বপন সিকদার ওই যুবককে ট্রেন লাইনের ওই স্থানে বসে থাকতে দেখেন বলে জানান। মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন।
