রাশিয়ার বিরুদ্ধে চলতি যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রের সিনেটরদের উদ্দেশে গত মঙ্গলবার বক্তব্য রাখার কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যা শেষ পর্যন্ত বাতিল হয়। তবে গতকাল বুধবার বিশে^র শীর্ষ সাত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি৭ জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জি৭ বৈঠকে এর আগেও যোগ দেন জেলেনস্কি। তবে এবারের যোগদান বেশ তাৎপর্যপূর্ণ; কারণ পশ্চিমা দেশগুলোর তরফ থেকে আসা সহায়তা বন্ধ হওয়ার গুঞ্জনের মধ্যে তিনি এতে যোগ দিচ্ছেন। জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট সম্মেলনের একদম প্রথম অধিবেশনে ভিডিও মাধ্যমে যোগ দেবেন।
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের আহ্বানে তার ব্রিফিং করার কথা ছিল। এখন শোনা যাচ্ছে, সিনেটরদের সঙ্গে জুম বৈঠক করতে পারেন জেলেনস্কি।
