কিডনি কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার দিল্লির অ্যাপোলোর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২১ এএম

ভারতের অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে কিডনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।  তবে হাসপাতালটি এই ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, দরিদ্র মানুষের কাছ থেকে কিডনি সংগ্রহ করে তা যুুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ধনীদের সরবরাহ করে আসছে হাসপাতালটি।

গত রবিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের কিডনি কেনা-বেচা অবৈধ। তবু বেআইনিভাবে মিয়ানমারের দুস্থ মানুষদের কাছ থেকে কিডনি কিনে ধনীদের কাছে চড়া মূল্যে বিক্রি করছে অ্যাপোলো হাসপাতাল। তারা প্রতি বছর ১ হাজার ২০০টিরও বেশি কিডনি কেনাবেচা করে। চোরাই পথে ভারতের বাইরে, এমনকি যুক্তরাজ্যেও পাঠানো হয় কিডনি।

অবশ্য অ্যাপোলো হাসপাতাল তদারকি প্রতিষ্ঠান ইন্দ্রপ্রস্থ মেডিকেল করপোরেশন লিমিটেড (আইএমসিএল) এই খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে। আইএমসিএল মুখপাত্র বলেন, কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রতিটি আইনি ও নৈতিক বিধি-বিধান মেনে চলা হয়।

এ নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিডনি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখবে। এই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত