শবনম ফারিয়া নতুন করে আলোচনায় এলেন ‘মোবারকনামা’ নিয়ে। এটি একটি টিভি সিরিজ, যেটা ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আর শবনম ফারিয়ার জন্য এটাই প্রথম কাজ, যেটা সীমানার ওপারে মুক্তি পাচ্ছে। তবে এ নিয়ে বাড়তি কোনো অনুভূতি নেই অভিনেত্রীর। কিংবা কেমন অনুভূতি হতে পারে, সেটাই এখনো বোধগম্য হচ্ছে না। কেননা ভারতীয় বাঙালিদের একটা বড় অংশ এ দেশের নাটক ইউটিউবে দেখে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে ফারিয়া পরিচিত। এই সিরিজে মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শবনম ফারিয়া। এতে অভিনেতার স্ত্রীর চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। বললেন, ‘এই সিরিজে আমি মোশাররফ ভাইয়ের স্ত্রীর সঙ্গে অভিনয় করেছি। সিরিজে আমার অংশের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। এর বড় একটা অংশ শুটিং হয়েছে পুরান ঢাকায়।’
এর আগেও শবনম ফারিয়া মোশররফ করিমের সঙ্গে অনেক নাটকেই কাজ করেছেন, ফলে কাজের জায়গাটা মসৃণই ছিল বলা যেতে পারে। ফারিয়ার ভাষ্য, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেকগুলো নাটকে একসঙ্গে কাজ করেছি। আর তিনি শিল্পী হিসেবে যেমন বড়, তেমনি সহশিল্পী হিসেবে অনেক উদার ও কো-অপারেটিভ। এই সিরিজে কাজ করতে গিয়ে মোশাররফ করিম ভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি। তিনি অনেক ধৈর্যশীল এটা তার একটি বড় গুণ।’
‘মোবারকনামা’। নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। সিরিজটির প্রমোও প্রকাশিত হয়েছে। এতে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মোশাররফ করিম। সাবলীল ভঙ্গিমায় বলেছেন, ‘আমার নাম মোবারক হোসেন ভূঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে।’
আর এই আইনজীবী মোশাররফের স্ত্রী হিসেবেই আসছেন, যিনি একজন গৃহিণী। শবনম ফারিয়া সাম্প্রতিক সময়ে আলোচনায় না থাকার কারণ হিসেবে বলছেন, তিনি আসলে গল্প পড়ে, গল্প নির্বাচন করে তারপর কাজ করতে চান। এরই মধ্যে আরেকটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন, যদিও সেটি এখন চূড়ান্ত নয়। কাজের বাইরে শবনম ফারিয়ার রয়েছে একটি ব্যস্ত জীবন। এখন ব্যস্ত নিজের ইন্টার্ন ও থিসিস নিয়ে। গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা দিয়েছেন। থিসিসের জন্য তাকে এখন পরিশ্রম করতে হচ্ছে। পাশপাশি সংবাদমাধ্যমে ইন্টার্ন করতে গিয়ে সংবাদের জন্য প্রচুর রেফারেন্স ঘাঁটতে হচ্ছে যেমন, তেমনি দেখতে হচ্ছে দেশ-বিদেশের সিনেমা, সিরিজ।
পড়াশোনার পরে সাংবাদিকতাই করবেন কি না, এ প্রশ্নের জবাবে ফারিয়া বলছেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি মূলত কমিউনিকেশন্স বিভাগে কাজ করতে চাই। এই বিভাগেই ক্যারিয়ার গোড়ার ইচ্ছে রয়েছে। এর বাইরে কম হলেও মানসম্মত কাজ করতে চাই।’ আপাতত ভক্তদের অপেক্ষা মোবারকনামায়।
