সিলেটের মাঠের সদ্য নিয়োগপ্রাপ্ত কিউরেটর টনি হেমিং বলেছিলেন, ‘এটা প্রতি ২৯ রানে ১ উইকেটের পিচ’। মিরপুরের মাঠ পরিচর্যায় প্রায় ১৩ বছর কাটিয়ে দেওয়া গামিনি ডি সিলভাও জবাবে বলতে পারেন, ‘এটা প্রতি ২৬ মিনিটে ১ উইকেটের পিচ’। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা শেষে পরিসংখ্যানও গামিনির পক্ষেই থাকবে। আলোর স্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে সবমিলিয়ে ৭৯ ওভার, উইকেট পড়েছে ১৫টি। দিনের শেষের মিনিট বিশেক খেলা হয়নি, ইনিংস বিরতির ১০ মিনিটও বাদ গেছে। সব মিলিয়ে সাড়ে ৬ ঘণ্টার খেলায় ১৫ উইকেট মানে গড়ে প্রতি ২৬ মিনিটে পতন হয়েছে ১টি করে উইকেটের। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে অলআউট ১৭২ রানে, নিউজিল্যান্ডের সংগ্রহ প্রথম দিন শেষে ৫ উইকেটে ৫৫ রান। উইকেটে আছেন ড্যারিল মিচেল ১২* এবং গ্লেন ফিলিপস ৫*। ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, জোড়া শিকার তাইজুল ইসলামের।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই আলোচনায় ছিল শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজ। বাংলাদেশের কোচ চ-িকা হাথুরুসিংহে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, মিরপুরের উইকেট বুঝতে অন্তত দুটো সেশন লেগে যাবে। কিন্তু তার শিষ্যরা দুটো সেশন ব্যাটই করতে করতে ইনিংসের তলানিতে এসে ঠেকেছে, বোঝার পর প্রয়োগের আর কোনো উপায় নেই অবশিষ্ট। মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট, চা বিরতির আগে আরও ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ; তাতে বোঝা গেছে এই উইকেটে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাস জুড়ে যেভাবে খেলা হয়েছে সেই পথে হাঁটলে কাজ হবে না মিরপুরে। কাগজে-কলমে ৫ দিনের টেস্ট হলেও এককালের সত্যিকারের বধ্যভূমি এখন ব্যাটসম্যানদের বধ্যভূমি, এখানে ৫ দিনে খেলা গড়াবেই না। এখানে টেস্ট খেলতে হবে টি-টোয়েন্টির মেজাজে, থিতু হওয়া নয় বরং যতটা সম্ভব দ্রুত রান করে ফেলাই এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে উইকেট খারাপ থেকে আরও খারাপ হবে। ঢাকার এই মাঠে অতীতে কখনো একদিনে ১৫ উইকেটের পতন হয়নি, টেস্টের প্রথম দিনে কখনো হয়েছে কি না সেই পরিসংখ্যানও ঘেঁটে দেখা হলো। ক্রিকইনফো জানাচ্ছে ১৯০২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে ২৫ উইকেট পড়েছিল! কাছাকাছি সময়ে ২০১৯ সালে লর্ডসে ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিনে পড়েছিল ২০ উইকেট। সেদিক থেকে বলা যায় রেকর্ডটা অধরাই থাকল মিরপুরের!
ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে আকাশ মেঘলা, আবহাওয়া ঘোলাটে। সকাল ৯টা ৩০ মিনিটেই তাই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু করতে হলো খেলা। টসটা জিতলেন নাজমুল হোসেন শান্ত এবং চতুর্থ ইনিংসে ব্যাটিং করা এড়াতে নিলেন ব্যাটিং। অবশ্য একাদশে একজন পেসার, যে গোটা দিনে করেছে মোটে একটা ওভার; এই দল নিয়ে কি আর আগে বোলিং করা যায়! মজার ব্যাপার হচ্ছে পেসারদের জন্য বেশ আদর্শ আবহাওয়াতেও দিনের ৬ নম্বর ওভারেই টিম সাউদি বল তুলে দিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের হাতে। অন্যপ্রান্তে কাইল জেমিসনকে থামিয়ে বোলিংয়ে এসেছেন মিচেল স্যান্টনার, সিলেট টেস্টের হারের পর নিউজিল্যান্ড একাদশে যার আগমনটাই একমাত্র পরিবর্তন। দুই বাঁহাতি স্পিনারের বলেই ভুগছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। স্যান্টনারের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জাকির (৮), চার বল পর শর্ট লেগে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন জয়ও (১৪)। প্যাটেল ৫ রানেই তুললেন মুমিনুল হককে, অধিনায়ক শান্ত সেঞ্চুরির পর এবার স্যান্টনারের বলে আউট ৯ রানে। ১৫ ওভারেই ৪৭ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। এমন সময়ে হাল ধরলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন দীপু। দুজনে মিলে লাঞ্চের আগে আর উইকেট দিলেন না, ৮০ রানে ৪ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।
বিরতির পর উইকেটে মুশফিক, প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যে তামিম ইকবাল। উদাত্ত প্রশংসা করছেন এক সময়ের সতীর্থের, তখনই বোকার মতো কা- ঘটালেন মুশফিক। যখনই মনে হচ্ছিল বাংলাদেশ প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেছে, তখনই কাইল জেমিসনের বলটা ডিফেন্স করার পর বলটা ধরলেন হাত দিয়ে। জেমিসনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠের আম্পায়াররা ‘ফিল্ডিংয়ে বাধা দিয়ে আউট’ বিবেচনার জন্য পাঠালেন টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে টিভি আম্পায়ার আহসান রাজা নিশ্চিত হন, তিনিই সংকেত দেন আউটের। মাইক্রোফোনে তামিম তখন বলছেন, ‘আমার মনে হচ্ছে মুশি এখন বিপদে। সে খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার, তার এরকমটা করা একদমই উচিত হয়নি, তার জানা উচিত ছিল যে এটা করা যাবে না। মুশিকে আউট দিলে আমি অবাক হবো না, যত যাই হোক হাত দিয়ে বল ধরা যাবে না। এটা খুবই হতাশাজনক, ৮০’র ওপর টেস্ট খেলার পর কেউ যখন এই ভুল করে সেটা খুবই হতাশাজনক’। ব্যক্তিগত ৩৫ রানে বিদায় নিলেন মুশফিক, খানিক বাদে ৩১ রান করা দীপুও নিলেন বিদায়। এরপর একে একে সব উইকেট খুইয়ে চা-বিরতির একটু পরেই ৬৬.২ ওভারে ১৭২ রানে অলআউট বাংলাদেশ। ৩ উইকেট করে নিয়েছেন স্যান্টনার ও গ্লেন ফিলিপস, জোড়া শিকার প্যাটেলের।
ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও। মাত্র ৭৬ বল খেলে ৫৫ রান তুলতেই গেছে কিউইদের ৫ উইকেট। ব্যাট হাতে ল্যাথামের দুঃসময় চলছেই, এবার তিনি আউট ৪ রানে। ডেভন কনওয়ের রান ১১, কেন উইলিয়ামসনের ১৩ আর হেনরি নিকোলসের রান ১। শুরুর ১ ওভার করিয়ে শরিফুলকে আর বল দেননি শান্ত, মিরাজ আর তাইজুল মিলেই ভাগ করেছেন ৫ উইকেট। বল করেননি নাঈম হাসানও।
১১৭ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড, হাতে ৫ উইকেট। ঢাকা টেস্ট যেদিকে গড়াচ্ছে আর মিরপুরের উইকেটের যে আচরণ, তাতে এখানে ২৫০ রানও হতে পারে পাহাড় সমান। নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা বাকি রানটা করার পর যদি ৫০-৬০টা রানও বেশি করতে পারেন, তাহলে সেটাই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। অন্যদিকে বাংলাদেশ যদি আজ লিড পায়, তাহলে দ্বিতীয় ইনিংসে শ’দুয়েক রান করলেও ম্যাচটা জিতে নিতে পারে শান্তর দল, সেই সঙ্গে সিরিজও। তবে প্রশ্ন হচ্ছে, মিরপুরের এই উইকেট কি আদৌ টেস্ট খেলার উপযোগী?
২০১৮ সালে এখানেই বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট, ৩ দিনে শেষ হয়েছিল ম্যাচ। এরপর ম্যাচ রেফারি ডেভিড বুন মিরপুরের উইকেটকে ‘ডিমেরিট পয়েন্ট’ দিয়েছিলেন। কারণ হিসেবে লিখেছিলেন অসমান বাউন্স, দুর্বোধ্য টার্ন, অতিরিক্ত বোলারদের সহায়তা করে ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য নষ্ট করার কথা। এই ম্যাচেও সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুনই আছেন ম্যাচ রেফারির দায়িত্বে। সেবার শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২২২ রানে, বাংলাদেশ করেছে ১৭২। সেবার প্রথম দিনে উইকেট পড়েছিল ১৪টি, এবার ১৫টি। প্রায় ৫ বছর পর আরেকটা ডিমেরিট পয়েন্ট কি তাহলে আসন্ন? টেস্ট শুরুর আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেছিলেন, এই মাঠে ১ বছর খেলা বন্ধ রাখলে উইকেট ভালো করা সম্ভব। স্বেচ্ছায় না হোক, আইসিসির নিষেধাজ্ঞাই হয়তো এই পথটা খুলে দিতে পারে। তাতে আখেরে লাভই হবে বাংলাদেশের ক্রিকেটের।
