‘দরদ’ সিনেমার পর এবার ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে নামবেন ঢাকাই তারকা শাকিব খান। সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে দেশে, এরপর বাকি অংশের দৃশ্যায়ন হবে যুক্তরাষ্ট্রে। সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন শাকিব খানের মার্কিন নায়িকা কোর্টনি কফি।
আগামীকাল (৯ নভেম্বর) অভিনেত্রী ঢাকায় পা রাখবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।
এবারই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরজন্য নিজেকে প্রস্তুতও করছেন। বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসকুকে জানিয়েছেন কোর্টনি নিজেই।
কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা শেখার চেষ্টা করছেন অভিনেত্রী কোর্টনি। বাসার দেওয়ালে ঝুলিয়ে নিয়েছের বাংলা বর্ণমালাসংবলিত একটি সাদা বোর্ড। কোর্টনির বাংলা শেখার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘কোর্টনি তো অনর্গল বাংলায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’
পরিচালক আরও বলেন, ‘কয়েক মাস আগে থেকে বাংলা ভাষা আয়ত্তের চেষ্টা শুরু করেছিলেন কোর্টনি। এর মধ্যে আমি আবার ছবির প্রি-প্রোডাকশনের কাজে নিউইয়র্ক থেকে ঢাকায় আসি। গত মাসে যখন নিউইয়র্কে গেলাম, দেখা হলো, আড্ডা হলো। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন। নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’
এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া।
