কড়া সমালোচনার শিকার হলেও এতদিন চুপচাপই ছিলেন ডেভিড ওয়ার্নার। অবশেষে সাবেক সতীর্থ মিচেল জনসনের মন্তব্য নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার। একরকম হেসেই উড়িয়ে দিয়ে বলেছেন, এমন সমালোচনা সহ্য করে নেওয়া অনেক আগেই শিখেছেন তিনি।
সিডনিতে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে এ সংস্করণকে বিদায় বলার কথা আগেই জানিয়েছিলেন ওয়ার্নার। ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্টের দলেও রাখা হয়েছে তাকে। তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার পরই এক কলামে ওয়ার্নারের দলে থাকা এবং এভাবে অবসর নেওয়ার অধিকার আছে কি না—এমন প্রশ্ন তোলেন জনসন। বল টেম্পারিং–কাণ্ডে ওয়ার্নারের জড়িত থাকার ব্যাপারটিও সামনে আনেন তিনি।
জনসনের সমালোচনার জবাবে ফক্স ক্রিকেটের এক অনুষ্ঠানে ওয়ার্নার বলেছেন, ‘এ রকম শিরোনাম না হলে কি আর গ্রীষ্ম হয় নাকি! ব্যাপারটি যা, তা-ই। সবারই নিজস্ব মতামত আছে। সামনে এগোতে গেলে, আমরা পশ্চিমে ভালো একটা টেস্টের জন্য মুখিয়ে আছি।’
অবশ্য তাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের মধ্যেও ভালোভাবে ক্যারিয়ার শেষ করার আশা ওয়ার্নারের। এমন সমালোচনা সহ্য করা শিখেছেন অনেক আগেই, সেটিও জানিয়েছেন তিনি, ‘মা–বাবা এটি আমার মধ্যে শক্ত করে ঢুকিয়ে দিয়েছেন। তারা আমাকে প্রতিদিন লড়াই ও কঠোর পরিশ্রম করতে শিখিয়েছেন। আপনি যখন বিশ্বমঞ্চে যান এবং বুঝতে পারেন না যে এর সঙ্গে আরও কী থাকে—অনেক সংবাদমাধ্যম, অনেক সমালোচনা কিন্তু অনেক ইতিবাচক দিকও।’
সেই ইতিবাচক দিকই দেখতে চাইলেন ওয়ার্নার, ‘আমার মনে হয়, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা আজ এখানে যা দেখছেন, অনেক মানুষ ক্রিকেটের সমর্থনে এসেছেন।’
