রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম তাদের নতুন প্রজন্মের ইউনিভার্সাল নিউক্লিয়ার আউসব্রেকারের জন্য অধিক উন্নত ও দক্ষ আরআইটিএম-২০০ রিয়্যাক্টর ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। সম্প্রতি রাশিয়ায় রসাটমের যন্ত্র প্রকৌশল শাখার অধীনস্থ পাদলস্ক কারখানায় এমন একটি রিয়্যাক্টর ভেসেল তৈরি করা হয়েছে। চুকোতকা নিউক্লিয়ার আইসব্রেকারে স্থাপন করা হবে এটি।
চুকোতকা আইসব্রেকারের জন্য নির্মিত প্রথম রিয়্যাক্টরটি চলতি বছরের অক্টোবর মাসে সরবরাহ করা হয়েছে। পরবর্তী কাজের জন্য সদ্য নির্মিত দ্বিতীয় রিয়্যাক্টরটি চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাল্টিক শিপইয়ার্ডে স্থানান্তর করা হবে।
২০১২ সাল থেকে পাদলস্ক কারখানায় ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকারের জন্য দশটি পারমাণবিক রিয়্যাক্টর তৈরি হয়েছে। আর্কটিকা, সিবির, উরাল, ইয়াকুতিয়া এবং চুকোতকা আইসব্রেকারে বসানোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে এসব রিয়্যাক্টর। এরই মধ্যে বেশ কয়েকটা রিয়্যাক্টর সফলভাবে স্থাপন করেছে রসাটম।
রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, আমাদের নতুন ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকারে আরআইটিএম-২০০ রিয়্যাক্টরগুলো সাফল্য দেখিয়েছে। এই রিয়্যাক্টরগুলোর ওপর নির্ভর করে নর্থ সি রুটে চলাচল অনেকটাই সহজ ও কার্যকরী করা সম্ভব হয়েছে। চুকোতকার বাইমন্সক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো এবং একই সঙ্গে ইয়াকুতিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য স্থল বিদ্যুৎকেন্দ্রগুলোর ‘হার্ট’ হিসেবে কাজ করবে এ জাতীয় রিয়্যাক্টরগুলো।
রসাটম যন্ত্রপ্রকৌশল শাখার প্রধান ইগর কতভ জানান, মূলত জাহাজে ব্যবহৃত আরআইটিএম-২০০ রিয়্যাক্টরগুলোর কর্মদক্ষতা বিশ্বে সর্বোচ্চ। এই রিয়্যাক্টরগুলো ব্যবহারকারী আইসব্রেকারগুলোর গতি এবং বরফ কাটার সক্ষমতা অনেকাংশেই বেশি।
রাশিয়ার ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকারগুলোতে যে পাওয়ার ইউনিট রয়েছে তার প্রতিটিতে স্থাপন করা হয়েছে দুটি আরআইটিএম-২০০ রিয়্যাক্টর, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১৭৫ মেগাওয়াট। আরআইটিএম- ২০০ রিয়্যাক্টরের ডিজাইনার এবং ইন্টার্নালগুলো প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান হলো আফ্রিকান্তভ ওকেবিএম।
প্রসঙ্গত, রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটমের করপোরেশনের প্রকৌশল শাখা। এ বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিঅ্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
