বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল ভালো সময় কাটিয়েছে বলেই মনে করেন শাদাব খান। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতার পর নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন পাকিস্তানের তারকা এই ব্যাটসম্যান। নতুন অধিনায়কদের নেতৃত্বে খেলতে উন্মুখ হয়ে আছেন শাদাব। বিশেষ করে, টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি কেমন করেন দেখতে যেন তর সইছে না তার।
শুধু অধিনায়কত্ব থেকে বাবরের সরে দাঁড়ানোই নয়, পাকিস্তানের ক্রিকেটে রদবদল হয়েছে আরও। এসেছে নতুন টিম ডিরেক্টর ও নির্বাচক কমিটি। মিকি আর্থারের জায়গায় টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। নির্বাচক কমিটির প্রধান হয়েছেন ওয়াহাব রিয়াজ। আর বাবরের জায়গায় টেস্ট ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। শাহিন আফ্রিদিকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্ব। ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক এখনো ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের ক্রিকেটের এই পরিবর্তন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ এটাকে ভালো চোখে দেখছেন, কেউ আবার এটাকে নেতিবাচক হিসেবে নিয়েছেন। বাবরের নেতৃত্ব ছাড়া নিয়েও আছে দুই রকমের আলোচনা।
বিশ্বকাপে বাবরের সহকারীর দায়িত্ব পালন করেছিলেন শাদাব। এই লেগ স্পিনার সতীর্থের প্রশংসা করে বলেছেন, ‘দেখুন, সবারই নিজের সিদ্ধান্ত বলে একটা বিষয় আছে। বাবর তার নিজের সিদ্ধান্তেই সরে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে পাকিস্তান দলে আমাদের দারুণ সময় কেটেছে।’
শাদাব এরপর টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির প্রশংসাও করেন, ‘এখন শাহিন দায়িত্ব নিয়েছে। আমরা এ নিয়ে রোমাঞ্চিত। আমরা পিএসএলে শাহিনের নেতৃত্ব দেখেছি। ভালোই মনে হয়েছে।’
পিএসএলে আফ্রিদির নেতৃত্বে দুটি শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কেমন করেন আফ্রিদি, এটা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। শাদাবও এর বাইরে নন, ‘দেখা যাক, তার নেতৃত্বে খেলতে কেমন লাগে। শাহিনের নেতৃত্বে খেলতে আমি উন্মুখ হয়ে আছি।’
