‘লম্বাচওড়া মানুষ তো হেভিওয়েট হতেই পারেন’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

ঝালকাঠি-১ আসনের মোহাম্মদ শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বলেছেন, ‘কে হেভিওয়েট, কে কম ওয়েটের প্রার্থী, সেটা জানি না। আমি তো ছোটখাটো মানুষ। আমার ওজন কম হতেই পারে। যিনি লম্বাচওড়া, তিনি তো হেভিওয়েট হতেই পারেন। কিন্তু চিন্তা বা বিবেচনার বিষয় হওয়া উচিত পলিটিক্যালি আমি কতটুকু কমিটেড।’

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঝালকাঠি-১ রাজাপুর-কাঁঠালিয়া থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান। এই আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দেওয়া হয়। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন মনিরুজ্জামান।

তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রার্থিতা হারান তিনি। পরে নির্বাচন কমিশনে আপিল করেন। আজ তিনি আপিল শুনানিতে ফিরে পেয়েছেন প্রার্থিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত