নাশকতার ৫ মামলা

ঢাকায় এক দিনে বিএনপির ১০৯ জনের কারাদণ্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ এএম

রাজধানীর বিভিন্ন থানায় হওয়া নাশকতার পাঁচটি মামলায় বিএনপির ১০৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব মামলার রায় ঘোষণা করে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাজারীবাগ থানার একটি মামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

গত সাড়ে চার মাসে ঢাকার বিভিন্ন আদালতে এ নিয়ে ৭২টি মামলায় অন্তত ১ হাজার ১৩৫ নেতাকর্মীর সাজা হলো। যাদের বেশিরভাগ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। জামায়াতে ইসলামীরও কিছুসংখ্যক রয়েছেন। দণ্ডিতদের মধ্যে কিছুসংখ্যক নেতাকর্মী একাধিক মামলায় সাজা পেয়েছেন।

গতকাল রায় ঘোষণা হওয়া পাঁচটি মামলার মধ্যে রাজধানীর উত্তরখান থানায় ২০১৮ সালে হওয়া নাশকতার দুই মামলায় বিএনপির ৬৭ জনকে দুই বছর এক মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকায় তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

রাজধানীর ধানমণ্ডি থানায় পাঁচ বছর আগে হওয়া নাশকতার একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ২২ নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানায় ২০১৮ সালে হওয়া নাশকতার মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। এর মধ্যে দুজনকে চার বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য তিনজনকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশান থানায় ১০ বছর আগে হওয়া নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

হাজারীবাগ থানার মামলায় ২৮ জন খালাস : হাজারীবাগ থানায় হওয়া নাশকতার এক মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্রভুক্ত ২৮ আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর হাজারীবাগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বের করা মিছিলে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত