রেল স্টেশনে ট্রফি উন্মোচন

‘যদি জিততে পারি, দারুণ হবে’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের লড়াই। সবশেষটা ঘরের মাঠে হলেও এবার কিউইরা স্বাগতিক। ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটি আগামী রবিবার। তার আগে আজ হয়ে গেল ট্রফি উন্মোচন। যেখানে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

ট্রফি উন্মোচনের স্থান বাছাইয়ের ক্ষেত্রে ঐতিহ্যের দিকে নজর দিয়েছে নিউজিল্যান্ড। ডানেডিনের রেলস্টেশনে এদিন দুই দলের অধিনায়ক ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। এই রেল স্টেশনটি একটি ঐতিহ্যবাহী জায়গা।

ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন সিরিজে নিজেদের লক্ষ্যের কথা।

শান্ত বলেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’

গত অর্ধযুগ ধরে নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। তবে এবার নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে শান্ত বলেন, ‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে। আমরা বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।’

মূল সিরিজে মাঠে নামার আগে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে টাইগাররা। আর এমন জয়কে দারুণ বলছেন শান্ত, ‘ছেলেরা কাল খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।

ওয়ানডে বিশ্বকাপের আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপ শেষে দুই টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসে কিউই বাহিনী। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে গত শনিবার (৯ ডিসেম্বর)। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাওয়ে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ।

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত